বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“ভোলায় নির্বাচনী গণসংযোগে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত-১৫,’পাল্টাপাল্টি অভিযোগ, ভাঙচুর ও মহড়ার দাবি,

ভোলা প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (আজ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।

জামায়াতের অভিযোগ: পরিকল্পিত হামলা বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণসংযোগকালে চকিদার বাড়ির সামনে পৌঁছালে বিএনপি কর্মী বাহার ও সৌরভের নেতৃত্বে ইউছুফ, আইয়ুব, শামিম, সোহাগ ও ইউনুসসহ কয়েকজন আমাদের নেতাকর্মীদের বাধা দেয়। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়।

তিনি জানান, এ ঘটনায় ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হালিমসহ ১০–১২ জন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— ফয়জুল্লাহ, ইমন, আব্দুল হালিম, শাহে আলম, রায়হান, শামিম ও তানজিল।

তাদের মধ্যে ছয়জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করা হয়।

বিএনপির পাল্টা দাবি: বাড়িতে প্রচারণা ও ভাঙচুর,

অন্যদিকে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান অভিযোগ করে বলেন, সকাল ৭টার দিকে জামায়াতের কিছু কর্মী একটি বিএনপি কর্মীর বাড়িতে গিয়ে প্রচারণা চালায়। ওই সময় বাড়িতে এক নারী গোসল করছিলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

তিনি দাবি করেন, এতে বিএনপির ৪–৫ জন কর্মী আহত হন। পরে জামায়াতের কর্মীরা জড়ো হয়ে এলাকায় মহড়া দেয় এবং এক বিএনপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ বিষয়ে বিএনপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের প্রধান নির্বাচন সমন্বয়কারী মো. আকবর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, জামায়াতের কর্মীরা আলী মিয়া চৌকিদারের বাড়িতে বিএনপি কর্মী ইউসুফের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় আমরা মামলা করব।

প্রশাসনের বক্তব্য– বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গণসংযোগকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এদিকে, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মণ বলেন, দুই পক্ষ থেকেই মুঠোফোনে বিষয়টি জানানো হলে সংঘর্ষ এড়াতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ জমা দেয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।