গভীর রাতে ঘরে ঢুকে ভয়ঙ্কর কাণ্ড, আদালতের মাধ্যমে কারাগারে পাঠালো পুলিশ। গ্রেপ্তার ছাত্রদল কর্মী তানজিল। ছবি: সংগৃহীত
ভোলার মনপুরা উপজেলায় গভীর রাতে বন্ধুর ঘরে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগে তানজিল হোসেন শান্ত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের হালিম হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৭ আগস্ট) অভিযুক্তকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তানজিল হোসেন শান্ত একই ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজের ছেলে।
বন্ধুত্বের সুযোগে ভয়াবহ অভিযোগ
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. মিজান এবং অভিযুক্ত তানজিল ছিলেন ঘনিষ্ঠ বন্ধু।
অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে তানজিল কৌশলে মিজানের ঘরে প্রবেশ করেন। এ সময় গৃহবধূ চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তার গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেন। পরে তাকে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রাতে বাজার থেকে বাড়ি ফিরে মিজান পুরো ঘটনা জানতে পারেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে অভিযুক্ত তানজিলকে গ্রেপ্তার করা হয়।
‘বন্ধু হয়ে এমন নিকৃষ্ট কাজ করেছে’
ভুক্তভোগীর স্বামী মো. মিজান বলেন, সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
