বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পুরোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাসের প্রভাবে হাসপাতালে ৩৯ জন

মামুনুর রশীদ মামুন
জুন ৩০, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর চারদিকে গ্যাস ছড়িয়ে পড়লে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় অন্তত ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নগরীর গুলপুকুরপাড় মৈত্রী টাওয়ারের পাশের একটি ভাঙারির দোকানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো এলাকাজুড়ে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্ক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, গ্যাসের তীব্র গন্ধে শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে ২-১ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার কাটার সময় লিকেজ হয়ে গ্যাস বেরিয়ে আসায় এই দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। সিলিন্ডারটি কীভাবে এবং কার মাধ্যমে কাটা হচ্ছিল, সেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। পাশাপাশি ভাঙারির দোকানগুলোতে পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয় কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আশরাফুল করিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।