ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি
নাটোরের সিংড়ায উপজেলা-য় একটি গ্রামে তথ্য সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল আশরাফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার রায় এবং এসআই নেজাম ইসলাম। তাদের মধ্যে আশরাফুল ইসলামকে নন্দীগ্রাম স্বাস্থ্য উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই পুলিশ সদস্যকে নেওয়া হয়েছে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে থেলকুড় গ্রামের সিয়াম আলী একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে নন্দীগ্রামের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা এতে বাধা দেন। পুলিশ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদ দেখতে চাইলে সেটি দেখাতে না পারায় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ার আলম বলেন, প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম পরিচালনার সময় স্থানীয়দের একাংশ অসদাচরণ করেন এবং পরে পুলিশের ওপর হামলা চালান। ঘটনার মূল উসকানিদাতাদের শনাক্তের চেষ্টা চলছে।
