রোববার আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করে পুলিশ। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রতিটি পৃষ্ঠায় লুকিয়ে আছে বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায়বিচারের আকাঙ্ক্ষা— এমনই মর্মস্পর্শী পর্যবেক্ষণ তুলে ধরেছেন আদালত।
রোববার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসামিদের উপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা এ মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায়বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। এই মামলা কেবল একটি ফৌজদারি বিচারিক কার্যক্রম নয়, এটি আমাদের সমাজের বিবেক, মানবতা, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি এক গভীর ও কঠিন পরীক্ষা।
শিশু নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।
বিচারক বলেন, যখন কোনো শিশু যৌন নির্যাতন, সহিংসতা কিংবা হত্যার মতো জঘন্য অপরাধের শিকার হয়, তখন তা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে গভীরভাবে আহত করে। একই সঙ্গে রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থার কার্যকারিতাও প্রশ্নের মুখে পড়ে।
প্রতিটি মামলার পেছনে রয়েছে একটি পরিবারের দীর্ঘশ্বাস
পর্যবেক্ষণে আদালত জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে গঠিত এ ট্রাইব্যুনালে বর্তমানে এক হাজার ৮০০-এর বেশি মামলা বিচারাধীন রয়েছে।
বিচারকের ভাষায়, প্রতিটি মামলার পেছনে রয়েছে একটি শিশুর অসহনীয় যন্ত্রণা, একটি পরিবারের দীর্ঘশ্বাস এবং ন্যায়বিচারের জন্য প্রতীক্ষারত অসংখ্য মানুষের প্রত্যাশা।
তিনি বলেন, সেই প্রেক্ষাপটে পল্লবীর এই শিশু হত্যা মামলাটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ তদন্ত, বিচারিক কার্যক্রম এবং সাক্ষ্যগ্রহণ তুলনামূলকভাবে দ্রুততম সময়ে সম্পন্ন হয়েছে।
দ্রুত তদন্ত ও বিচারকার্যে সন্তুষ্ট আদালত
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল সন্তোষ প্রকাশ করে জানায়, তদন্তকারী সংস্থা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে।
একই সঙ্গে প্রসিকিউশনও অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের আদালতের সামনে উপস্থাপন করে বিচারপ্রক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আদালত মনে করে, ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউশন এবং বিচারকার্যের সঙ্গে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা প্রশংসার দাবিদার।
ভবিষ্যতের মামলার জন্য দৃষ্টান্ত
আদালত আরও বলেন, এ মামলার মতো দ্রুত, দক্ষ, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত এবং বিচারিক কার্যক্রম শিশু নির্যাতন ও সহিংসতা সংক্রান্ত ভবিষ্যতের মামলাগুলোর জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
বিচারপ্রার্থী জনগণ, বিশেষ করে ভুক্তভোগী শিশু ও তাদের পরিবার যেন দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার মধ্যে না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই ধরনের নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেবেন— এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিচারক।
ন্যায়বিচার প্রতিষ্ঠা সবার সম্মিলিত দায়িত্ব
রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, একটি ন্যায়সঙ্গত বিচার কেবল আদালতের একক প্রচেষ্টায় সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন, ডিফেন্স, সাক্ষীগণ এবং বিচার ব্যবস্থার সকল অংশীজনের সম্মিলিত দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমেই ন্যায়বিচারের লক্ষ্য অর্জিত হয়।”
আদালত স্পষ্টভাবে জানায়, বিচারিক সিদ্ধান্ত কখনো আবেগের ভিত্তিতে নয়; বরং আইন, প্রমাণ ও ন্যায়বিচারের চিরন্তন নীতিমালার ভিত্তিতেই গ্রহণ করা হয়।
আইন, প্রমাণ ও সত্যের ভিত্তিতেই রায়
পর্যবেক্ষণের শেষাংশে আদালত বলেন, সাক্ষ্য-প্রমাণ, আলামত, চিকিৎসা প্রতিবেদন এবং মামলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত সতর্কতা, সংবেদনশীলতা ও বিচারিক নিরপেক্ষতার সঙ্গে পর্যালোচনা করেই এ রায় প্রদান করা হয়েছে।
আদালতের ভাষায়, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা অটুট রাখার লক্ষ্যেই এই রায় ঘোষণা করা হয়েছে।
পল্লবীর শিশু ধর্ষণ ও হত্যা মামলার এই রায় শুধু দুই আসামির শাস্তি নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিশুদের নিরাপত্তা, মানবতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে সমাজ ও রাষ্ট্রের সামনে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।
