শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে যাত্রীবেশে লাগেজ চুরি, কচুয়া থেকে গ্রেপ্তার জসিম,সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শনাক্ত, উদ্ধার চুরি হওয়া তিনটি লাগেজ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৩, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে লাগেজ চুরির অভিযোগে জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার চাঁদপুরের কচুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া তিনটি লাগেজও উদ্ধার করা হয়েছে।

এপিবিএন জানায়, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের লাগেজ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি এপিবিএনের নজরে আসে।

বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই ফ্লাইটের যাত্রী জসিমকে শনাক্ত করে এপিবিএন। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে গত ২০ অক্টোবর বিমানবন্দর থানায় জসিমের বিরুদ্ধে মামলা করেন।

এপিবিএনের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, মামলার পর এপিবিএন বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানার সঙ্গে সমন্বয় করে অভিযান চালায়। অভিযানে কচুয়া থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চুরি হওয়া তিনটি লাগেজ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার জসিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।