জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবন প্রাঙ্গণের সার্বিক পরিবেশ ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান, জাতীয় সংসদ প্লাজা এবং এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও নান্দনিক পরিবেশ অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ জন্য মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সবুজায়ন কার্যক্রম জোরদার এবং বিদ্যমান গাছপালার যথাযথ পরিচর্যার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের এলাকায় যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সুরক্ষিত এই গুরুত্বপূর্ণ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এর সার্বিক পরিবেশ উন্নত রাখতেও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।
জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশের স্বকীয়তা বজায় রেখে সংসদ প্লাজা এবং সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশের মান অক্ষুণ্ন রাখার বিষয়টি প্রধানমন্ত্রীর এই পরিদর্শনে গুরুত্ব পেয়েছে।
