বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন। ছবি-পিআইডি

জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নীতি অনুযায়ী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে—এ বিষয়ে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

এদিকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’রই ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্ম হচ্ছে। এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়, যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

দুর্গম এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ তাগিদ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।