ছবি : সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের একাধিক পয়েন্টে ভোররাতের সাঁড়াশি অভিযানে মোটরসাইকেলসহ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
শনিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম, চম্পকনগরসহ কয়েকটি সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানের খবর টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। আবার কেউ কেউ ছাগলনাইয়ার বিভিন্ন গ্রামের দিকে পালিয়ে যায়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ত্রিপুরা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা আমদানিনিষিদ্ধ বিভিন্ন ভারতীয় পণ্য বাংলাদেশে এনে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে মজুত করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে এসব তথ্য পাওয়ার পর বিজিবির সদস্যরা কয়েকটি এলাকায় একযোগে অভিযান চালান।
অভিযানে ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী ক্রিম, পাউডার, অরেঞ্জ ট্যাংকসহ বিপুল পরিমাণ পণ্য ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর চোরাচালানের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করে ফুলগাজী সীমান্ত এলাকাতেও বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। সেখান থেকেও বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সব মিলিয়ে জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য কোটি টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।
বিষয়: ফেনী বিজিবি
