ছবি: সংগৃহীত
সুন্দরবনের গভীর অরণ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক ছড়িয়ে আসা আলোচিত বনদস্যু জোনাব বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ।
বুধবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরবন অঞ্চলে বনদস্যুদের দৌরাত্ম্য দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি সুইচগেট-সংলগ্ন এলাকায় পরিচালিত এক অভিযানে জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে আরও একটি অভিযান চালানো হয়। রাত প্রায় ১১টার দিকে শ্যামনগর থানার হরিণটানা খাল-সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জোনাব বাহিনীর সদস্য হিসেবে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সুন্দরবনের জলপথ ও খালঘেরা দুর্গম অঞ্চলে বনদস্যুদের বিরুদ্ধে চলমান এই অভিযানে নতুন করে ধাক্কা খেল জোনাব বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে সুন্দরবনকে স্থায়ীভাবে নিরাপদ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে কোস্ট গার্ড।
