বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৭তম বিসিএস: আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

আবদুর রহমান
মে ১৩, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

২৭তম বিসিএসে উত্তীর্ণ আরও ৯৬ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন প্রকাশ করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের ৬৭৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তা চাকরিতে যোগদানে অনিচ্ছা হিসেবে গণ্য হবে এবং নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখতে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। একইসঙ্গে ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ অনুযায়ী ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, ২০০৭ সালের ২১ জানুয়ারি বিএনপি সরকারের আমলে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ৫৬৭ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে ওই বছরের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সেই ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়।

দ্বিতীয় দফার মৌখিক পরীক্ষার ফল ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এতে ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন এবং পরবর্তীতে তাদের নিয়োগ দেওয়া হয়।

প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি পৃথক রিট দায়ের করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিট আবেদনকারীরা।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন এবং সরকারকে তা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।