সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩ ব্যাংকে কাজী জাফর উল্ল্যাহ, স্ত্রী, ২ ছেলে ও মেয়ের নামে ১৫৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

কাজী জাফর উল্লাহ। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ ও তার পোষ্যদের নামে বিভিন্ন ব্যাংকে জমা থাকা ১৫৫ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেঘনা, মিডল্যান্ড ও প্রিমিয়ার ব্যাংকের ১৩টি হিসাবে জমা আছে এ টাকা।

১৫৫ কোটি টাকা অবরুদ্ধের অনুরোধ জানিয়ে আদালতে আবেদন পেশ করার জন্য আজ রোববার কমিশন সিদ্ধান্ত নিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান শিগগির ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজের কাছে আবেদনটি জমা দেবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আজ সাংবাদিকদের এসব তথ্য জানান।

দুদক জানায়, হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের মালিক কাজী জাফর উল্ল্যাহ ও তার পোষ্যদের নামে থাকা ব্যাংক হিসাব, এফডিআর ও অন্যান্য সম্পদের প্রকৃত উৎস ও বৈধতা যাচাই করতে অনুসন্ধান করে দুদক। তাতে তিনটি ব্যাংকে মোট ১৫৫ কোটি ১ লাখ টাকা জমা থাকার প্রমাণ মেলে। অনুসন্ধানে ১৬ হাজার ৫০০ ইউএস ডলারের তথ্যও পাওয়া গেছে। এসব টাকা অন্যত্র হস্তান্তর, স্থানান্তর এবং বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা থাকায় সেগুলো অবরুদ্ধকরণের জন্য আদালতে আবেদন দাখিল করা হবে।

কাজী জাফর উল্ল্যাহ এর নামে মেঘনা, মিডল্যান্ড, প্রিমিয়ার ব্যাংকে মোট ৪৯ কোটি ৭৬ লাখ টাকা, স্ত্রী নিলুফার জাফর উল্ল্যাহর নামে মিডল্যান্ড, প্রিমিয়ার ব্যাংকে ২৬ কোটি ২৫ লাখ টাকা, ছেলে কাজী ওমর জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড, প্রিমিয়ার ব্যাংকে ২৩ কোটি ৮৪ লাখ টাকা, আরেক ছেলে কাজী রায়হান জাফরের নামে মেঘনা ও প্রিমিয়ার ব্যাংকের হিসাবে ২৩ কোটি ৩৭ লাখ টাকা, মেঘনা ব্যাংকে ১৬ হাজার ৫০০ ইউএস ডলার পাওয়া গেছে।

মেয়ে কাজী আনুসকা মেহেরিন জাফরের নামে মেঘনা, মিডল্যান্ড, প্রিমিয়ার ব্যাংকের হিসাবে ৩১ কোটি ৭৬ লাখ টাকা জমা আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।