শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪০ দিন পেরোলে যুদ্ধের প্রভাব ভয়াবহ—খাদ্যের দামে বড় উল্লম্ফনের আশঙ্কা এফএওর

এএফপি
এপ্রিল ৩, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

ব্রাজিলের একটি সয়াবিন খেতে ফসল কাটার যন্ত্র। গত বুধবার রিও গ্রান্দে দো সুল প্রদেশে। ছবি: এএফপি

জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) শুক্রবার সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক খাদ্যবাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে সংঘাত ৪০ দিনের বেশি গড়ালে খাদ্যপণ্যের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা দিতে পারে।

সংস্থাটির প্রকাশিত ফুড প্রাইস ইনডেক্স অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম গড়ে ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।এর পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জ্বালানি তেলের উচ্চমূল্য,যা উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলছে।

এফএও’র প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এক বিবৃতিতে বলেন,যুদ্ধ শুরুর পর থেকে মূল্যবৃদ্ধি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। তবে সংঘাত দীর্ঘায়িত হলে এবং সারের দাম বাড়তেই থাকলে কৃষকদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠবে।

তিনি আরও বলেন, বাড়তি খরচ সামাল দিতে কৃষকরা কম সার ব্যবহার, চাষের পরিমাণ কমানো অথবা কম সার লাগে এমন ফসলের দিকে ঝুঁকতে পারেন। এর ফলে ভবিষ্যতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা চলতি বছর ও আগামী বছরের খাদ্য সরবরাহ এবং মূল্য নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে,এফএও’র সূচক অনুযায়ী সবচেয়ে বেশি বেড়েছে উদ্ভিজ্জ তেলের দাম—ফেব্রুয়ারির তুলনায় যা ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে পাম অয়েলের দাম ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ শুক্রবার ৩৫তম দিনে গড়িয়েছে। এক মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে বিশ্ব অর্থনীতি ইতোমধ্যে চাপের মুখে পড়েছে এবং এর প্রভাব পড়ছে লাখো মানুষের জীবনে।
বর্তমানে উভয় পক্ষই অর্থনৈতিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে,যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। ফলে যুদ্ধের প্রভাব শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ না থেকে বিশ্ববাজারেও গভীরভাবে বিস্তৃত হচ্ছে।

সংঘাত নিরসনে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই সুস্পষ্ট উদ্যোগ দেখা যায়নি। বরং উত্তেজনা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের অবকাঠামোর ওপর আরও হামলার হুমকি দিয়েছেন।পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন,বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়।

অন্যদিকে,ইসরায়েল জানিয়েছে,দেশটির বিভিন্ন স্থানে লক্ষ্য করে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ক্লাস্টার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরবাড়ি ও যানবাহনের ক্ষতি করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে,আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। জরুরি পরিষেবা সংস্থার তথ্য অনুযায়ী,তেল আবিবের একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারে আংশিক ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।