সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলোচিত এক কেলেঙ্কারি,নিয়োগ পরীক্ষায় ১৬০ প্রশ্নের উত্তরে ভুল মাত্র একটি

দ্য গার্ডিয়ান
নভেম্বর ১৫, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

গত বছরের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পর পরীক্ষাকেন্দ্র ছাড়ছে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। ছবি: ইয়োনহাপ/ইপিএ

চাকরির পরীক্ষা। পদের নাম কর হিসাবরক্ষক। নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া পরীক্ষার্থীর ফলাফল অবিশ্বাস্য রকম ভালো! তাই অনেকের কাছে ঘটনাটি সন্দেহজনক। অবশেষে রোববার সে সন্দেহই সত্য প্রমাণিত হলো। ওই পরীক্ষার্থী স্বীকার করেছেন, পরীক্ষায় তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করেছেন।

গত এপ্রিল ও জুলাই মাসে দুটি পৃথক পরীক্ষায় প্রায় পূর্ণ নম্বর পান ওই পরীক্ষার্থী। এরপর থেকে তাকে নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা। শেষমেশ ধরা পড়ে গেলেন তিনি। স্বীকার করলেন জালিয়াতির কথা। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার।

অ্যাটর্নি লি ডন-হো’ নামের একটি ইউটিউব চ্যানেলে ক্ষমা চেয়ে ওই পরীক্ষার্থী বলেন, ‘আমি ইলেকট্রনিক ডিভাইস এবং জেনারেটিভ এআই ব্যবহার করে জালিয়াতি করেছি। সর্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা আমার সৎ প্রচেষ্টার ফল নয়।’ তিনি নিজেকে ‘হ্যান’ বলে পরিচয় দেন।

গত এপ্রিল ও জুলাইয়ে কর হিসাবরক্ষক পদে যোগ্যতা নির্ধারণী পরীক্ষার উভয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন হ্যান। সমালোচনার মুখ পড়ে আইনজীবীর মাধ্যমে তিনি স্বীকার করেন, পরীক্ষার সময় প্রশ্নের উত্তর বের করতে তিনি এআই’র সাহায্য নিয়েছেন। তিনি জানান, একটি মাইক্রো ক্যামেরা দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে তা একটি এআই টুলে পাঠান এবং পরে স্মার্টফোনে উত্তর দেখে নেন।

প্রথম রাউন্ডের পরীক্ষায় ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল উত্তর দিয়ে তিনি ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ পান। তার এই অভাবনীয় সাফল্য দেখে তখন অনেকে স্মার্ট গ্লাস ব্যবহার করে জালিয়াতির অভিযোগ তুললে তিনি তা অস্বীকার করেন।

মাস্ক পরে ক্যামেরার সামনে কথা বলার সময় হ্যান জানান, তিনি সিউল পুলিশের কাছে লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি।

রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যেহেতু আগামী সপ্তাহে কলেজ ভর্তি পরীক্ষা, তাই আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কাজ করছি।’

ওই কর্মকর্তা আরও বলেন, পাবলিক অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষায় জালিয়াতির খবর অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি মোকাবিলায় প্রেসিডেন্টের নীতি বিষয়ক চিফ অব স্টাফ জরুরি বৈঠক আহ্বান করবেন।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী হ্যান সং-সুক পরীক্ষার হলে এআই ব্যবহার নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হওয়ার কথা স্বীকার করেন। তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কলেজ ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে সরকার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।