সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম রামপুরায় ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি, আহত দুই কর্মচারী

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৫, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পশ্চিম রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় আকস্মিক এ হামলায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে অবস্থিত ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাবিবুর রহমান ও সাজু আহমেদ। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চার যুবক হঠাৎ কার্যালয়ে প্রবেশ করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় কার্যালয়ে থাকা কর্মচারী হাবিবুর রহমান ও সাজু আহমেদ গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, হাবিবুরের বাঁ হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। পরে সহকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সমতল মাতৃভূমিকে বলেন, একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।