২০২২ সালে ইউক্রেনের বুচা শহরের রাস্তায় রুশ সামরিক যানের ধ্বংসাবেশষ
ইউক্রেন যুদ্ধে ২০২২ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থার (রসস্ট্যাট) ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ হিসাব পেয়েছে বিবিসি। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির রুশ বিভাগ জানিয়েছে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বেলারুশের হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস বাই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রোর সাইবার হামলার মাধ্যমে এসব তথ্য ফাঁস হয়।
রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে যৌথভাবে তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি। তাদের নিজস্ব তালিকায় বিভিন্ন উন্মুক্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যুর তথ্য রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এ তালিকা প্রকৃত মৃত্যুর ৪৫ থেকে ৫৫ শতাংশের হিসাব তুলে ধরে। সে হিসাবে নিহতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের বেশি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুদ্ধে নিহত রাশিয়ার ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের ৬৫ শতাংশের মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ। রাশিয়ার তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্ক অঞ্চলের বাসিন্দাদের যুদ্ধে নিহত হওয়ার ঝুঁকি মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।
যুদ্ধের ভয়াবহতার চিত্র পাওয়া গেছে ইউক্রেনের বিভিন্ন এলাকার লড়াইয়েও। মাত্র ১২ হাজার মানুষের বসবাস ছিল—এমন ১০টি গ্রাম দখলের লড়াইয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে দোনেৎস্ক অঞ্চলের আন্দ্রিয়িভকা গ্রামের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। যুদ্ধের আগে গ্রামটিতে বাস করতেন মাত্র ৭৪ জন।
বিবিসির বিশ্লেষণে আরও বলা হয়েছে, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক।
তবে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব পরিসংখ্যানের বিষয়ে বলেছেন, সামরিক হতাহতের তথ্য প্রকাশের একমাত্র কর্তৃপক্ষ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েক বছর ধরে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া তথ্য পুরোপুরি সম্পূর্ণ না-ও হতে পারে। তবে নিজস্ব অনুসন্ধানের সঙ্গে মিলিয়ে এসব তথ্য রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।
