মেক্সিকোর মাদকসম্রাট চাপো ইসিদ্রো। ছবি: এফবিআই/এএফপি
মেক্সিকোর মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’কে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তিনি এফবিআইয়ের ১০ জন মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির তালিকায় ছিলেন। চাপোকে গ্রেপ্তারের অভিযানে সহিংসতার সময় চার সেনা ও সাত সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন।
চাপো ইসিদ্রোর প্রকৃত নাম ফাউস্তো ইসিদ্রো মেসা। স্থানীয় সময় গত শুক্রবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে বিশেষ বাহিনীর অভিযানে তিনি গ্রেপ্তার হন। এ সময় অপরাধী সংগঠনটির কথিত দ্বিতীয় শীর্ষ নেতা ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনাকারী একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানে সাত সন্দেহভাজন হামলাকারী নিহত এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক চোরাচালান গ্যাংয়ের তিন শীর্ষ সদস্যও আছে।
মন্ত্রণালয় আরও জানায়, অভিযানের সময় গুয়াসাভে শহরে নিরাপত্তা জোরদারে পাঠানো চার সেনাসদস্য নিহত হয়েছেন। গ্যাং সদস্যরা তাদের নেতাকে গ্রেপ্তারের সময় তীব্র প্রতিরোধ গড়ে তোলে।
অভিযানে সেনাবাহিনী একটি পয়েন্ট ৫০ ক্যালিবারের রাইফেল, গ্রেনেড লঞ্চার, গ্রেনেড, অন্যান্য আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ অর্থ জব্দ করেছে। বেসামরিক নাগরিক হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযানকে ঘিরে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির কারণে গুয়াসাভেতে একটি পেশাদার বেসবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ভেতরে লোকজন দৌড়াচ্ছেন। কাছাকাছি গুলির শব্দ শোনা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, আকাশে স্থির থাকা একটি সামরিক হেলিকপ্টার থেকে মেশিনগানের গুলি ছোড়া হচ্ছে। তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি।
