উদ্ধার নারী-পুরুষ ও শিশু
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী একটি শিশু।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঙ্গুরবিল এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী।
অভিযানে যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাদের মধ্যে ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা রয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী শনিবার রাতে মালয়েশিয়াগামী আটজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেনাসদস্য মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন। ওই অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
