মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করেছেন গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকালে কর্মবিরতি পালনের পর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রোববার বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়লে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যান।
একপর্যায়ে আশপাশের একটি মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা সেখান থেকে সরে গিয়ে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে আনসার রোড হয়ে পশ্চিম দিকে পাঠানো হয়। বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
