ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৩৬ জনে।
একই সময়ে আরও ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে চলতি বছরে এ পর্যন্ত সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে।
