রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চোখের জটিলতা কমিয়ে দৃষ্টিশক্তি ফেরাতে নতুন প্রযুক্তি

সমতল মাতৃভূমি ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কর্নিয়া চিকিৎসার নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা। ছবি- মাহবুব হোসেন নবীন

কর্নিয়া প্রতিস্থাপনে চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে পুরো কর্নিয়া পরিবর্তনের বদলে আক্রান্ত স্তরটুকু প্রতিস্থাপনের পদ্ধতি বাড়ছে। এতে অস্ত্রোপচারের ক্ষত ছোট হয়, রোগী দ্রুত সুস্থ হন এবং প্রতিস্থাপিত কর্নিয়া প্রত্যাখ্যানের ঝুঁকি কমে। দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি ভালো থাকার সম্ভাবনাও বাড়ে।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে হা-মীম গ্রুপের কার্যালয়ে ‘কর্নিয়া প্রতিস্থাপন ও রিফ্র্যাকটিভ সার্জারির সর্বশেষ অগ্রগতি’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারের সিনিয়র কনসালট্যান্ট ও ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আনশু অরুন্ধতী। অনুষ্ঠানে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এবং সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

ডা. আনশু অরুন্ধতী বলেন, কর্নিয়ার রোগ বিশ্বে দৃষ্টিশক্তি হারানোর ষষ্ঠ প্রধান কারণ। প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষ কর্নিয়া প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন। তবে দাতা কর্নিয়ার অভাবে প্রতি ৭০ জন রোগীর মধ্যে মাত্র একজন প্রতিস্থাপনের সুযোগ পান।

কর্নিয়া চোখের সামনের স্বচ্ছ অংশ, যা আলোকরশ্মিকে রেটিনায় কেন্দ্রীভূত করতে সাহায্য করে। এর কোষ বা স্তর ক্ষতিগ্রস্ত হলে কর্নিয়া ঘোলা হয়ে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এ ক্ষেত্রে কর্নিয়া প্রতিস্থাপনে দৃষ্টিশক্তি ফিরতে পারে। তবে রেটিনা বা অপটিক নার্ভে সমস্যা থাকলে প্রতিস্থাপনের পরও দৃষ্টিশক্তি পুরোপুরি ফিরে নাও আসতে পারে।

আগে কর্নিয়া প্রতিস্থাপনে পুরো কর্নিয়া পরিবর্তন করা হতো। এ পদ্ধতিতে প্রায় ১৬টি সেলাই দিতে হতে পারে এবং জটিলতার ঝুঁকিও বেশি থাকে। বর্তমানে কর্নিয়ার কোন স্তর ক্ষতিগ্রস্ত, তা শনাক্ত করে শুধু সেই অংশ প্রতিস্থাপন করা হচ্ছে। সামনের স্তরের সমস্যায় ডিএএলকে বা এএলকে এবং ভেতরের স্তরের কোষ নষ্ট হলে ডিএসএইকে বা ডিএমইকে পদ্ধতি ব্যবহার করা হয়।

ডা. আনশু অরুন্ধতী জানান, গত ৩০ থেকে ৩৫ বছরে পুরো কর্নিয়া প্রতিস্থাপনের পরিবর্তে আংশিক প্রতিস্থাপনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে বর্তমানে ৮৫ শতাংশের বেশি কর্নিয়া প্রতিস্থাপন আংশিক পদ্ধতিতে করা হয়। এতে অস্ত্রোপচারের ক্ষত ছোট থাকে, রোগী দ্রুত সুস্থ হন এবং প্রতিস্থাপিত কর্নিয়া প্রত্যাখ্যানের ঝুঁকি কমে।

শিশুদের স্ক্রিন ব্যবহারে বাড়ছে মায়োপিয়া

ডা. আনশু অরুন্ধতী বলেন, শিশুদের দীর্ঘ সময় কাছের জিনিস দেখা, পড়াশোনা বা স্ক্রিনের সামনে থাকার কারণে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টির ঝুঁকি বাড়তে পারে। এ সমস্যায় চোখের অক্ষিগোলক স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায়। এর পেছনে পরিবেশগত কারণের পাশাপাশি জিনগত প্রবণতাও রয়েছে।

শিশুদের স্ক্রিন ব্যবহারের সময় সীমিত রাখা এবং বাইরে খোলা জায়গায় বেশি সময় কাটানোর পরামর্শ দেন তিনি। সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে শিশুদের দৈনিক স্ক্রিন টাইম দুই ঘণ্টার মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়। বাইরে খেলাধুলা ও প্রাকৃতিক আলোতে সময় কাটানো চোখের স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।

চোখের যত্নে ২০-২০-২০ নিয়ম

কম্পিউটার ও মোবাইলের স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে কম্পিউটার ভিশন সিনড্রোম ও চোখের শুষ্কতা দেখা দিতে পারে। এ সমস্যা কমাতে প্রতি ২০ মিনিট পর ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকানোর পরামর্শ দেন ডা. আনশু অরুন্ধতী। এ ছাড়া ঘন ঘন চোখের পাতা ফেলা, পর্যাপ্ত ঘুম এবং চোখকে বিশ্রাম দেওয়াও জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।