কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিমের খোঁজে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গুলশান-২ এলাকার ওই বাসায় অভিযান চালায় পুলিশ। তবে তারানা হালিমকে ওই বাসায় পাওয়া যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর সাংবাদিকদের বলেন, ‘গুলশানের একটি বাসায় তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এটি তারানা হালিমের বাসা নয়। একটা গুজব ছড়ানো হয়, সেই বাসায় তারানা হালিম রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত গুলশান-২ এলাকায় ওই বাসার সামনে পুলিশ অবস্থান করে। এ সময় ১০ থেকে ১২ জন পোশাকধারী পুলিশসহ সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা গেছে। পুলিশের পাশাপাশি ওই ভবন ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীরাও সেখানে উপস্থিত ছিলেন।
গুলশানে তারানা হালিম যে বাড়িতে থাকেন, সেই বাসার নিরাপত্তাকর্মী শরিফ মিয়া রাত সাড়ে ১০টায় গণমাধ্যমকে বলেন, ‘তারানা হালিম ওই বাসার চারতলায় ভাড়া থাকতেন। আজ বিকেলে ওই বাসা থেকে এক ড্রাইভার কিছু মালামাল নিচে নামান। এই খবর পেয়ে সেখানে পুলিশ আসে। পরে বাসায় দুই নারী পুলিশ গিয়েছিল। কিন্তু তারা তারানা হালিমকে পাননি এবং বাসা থেকেও কিছু বের করেননি।
তিনি আরও বলেন, ‘স্যার বাসায় ছিলেন না। তিনি সরকারপতনের পরই দেশ ছেড়েছেন। বাসায় কেউ থাকেন না।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারপতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিমকে। তিনি ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
