রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ মামলা উপেক্ষা করে পদোন্নতির তোড়জোড়, বন অধিদপ্তরে পদোন্নতি বাণিজ্যের অভিযোগ, ৩০০ কর্মীর কাছ থেকে অর্থ সংগ্রহের দাবি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জ্যেষ্ঠতা ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ • বিচারাধীন মামলার তথ্য গোপন রেখে সুপারিশ • পদোন্নতিতে আর্থিক লেনদেনের অভিযোগ। ফাইল ছবি

বন অধিদপ্তরে ফরেস্টার থেকে ডেপুটি রেঞ্জার এবং ডেপুটি রেঞ্জার থেকে ফরেস্ট রেঞ্জার পদে পদোন্নতি ঘিরে নতুন করে উত্তেজনা ও অসন্তোষ তৈরি হয়েছে। বিচারাধীন ১০টি মামলা, জ্যেষ্ঠতা নিয়ে বিতর্ক, নিয়োগবিধি লঙ্ঘন এবং আর্থিক লেনদেনের অভিযোগ উপেক্ষা করে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী কর্মকর্তাদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রায় ৩০০ বনকর্মীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে পদোন্নতি বাণিজ্যের মাধ্যমে নিজেদের পছন্দের কর্মকর্তাদের এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের দাবি, নিম্ন আদালত ও উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি এবং জ্যেষ্ঠতা-সংক্রান্ত জটিলতার সুরাহা না হওয়া পর্যন্ত পদোন্নতির কার্যক্রম স্থগিত রাখা উচিত। তাঁদের অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্ত, বিধিমালার ব্যাখ্যা ও ভূতাপেক্ষ পদোন্নতির সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে পদোন্নতির ক্ষেত্রে অনিয়মের ক্ষেত্র তৈরি করেছে।

পদোন্নতি ঘিরে অর্থ সংগ্রহের অভিযোগ

বন অধিদপ্তরের পদোন্নতি প্রক্রিয়াকে কেন্দ্র করে আমীরুল হাসান, খান জুলফিকার, আব্দুল আহাদ, নাজমুল হাসান ও নাজমুল সর্দারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও মাঠপর্যায়ে সমন্বয়ের অভিযোগ তুলেছেন বঞ্চিত কর্মকর্তারা। তাঁদের দাবি, যোগ্যতা, চাকরিকাল ও জ্যেষ্ঠতার চেয়ে আর্থিক লেনদেন পদোন্নতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে।

অভিযোগের পক্ষে একাধিক কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে বলে জানা গেছে। এর একটি রেকর্ডে রেঞ্জার পদে পদোন্নতির খরচ জোগাড় করতে ব্যাচভিত্তিক সমন্বয়কের মাধ্যমে অর্থ সংগ্রহের আলোচনা রয়েছে। অন্য একটি রেকর্ডে হাটহাজারী রেঞ্জের ডেপুটি রেঞ্জার সাইফুলের কাছ থেকে ৭ থেকে ৮ লাখ টাকা নেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে।

এক ভুক্তভোগী বনকর্মীর দাবি, প্রায় ৩০০ কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে সংগ্রহ করা হলে মোট দেড় কোটি টাকা দাঁড়ায়। এই অর্থ দিয়ে সংশ্লিষ্ট প্রভাবশালী মহলকে কাজে লাগিয়ে পদোন্নতির প্রক্রিয়া নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁর।

জ্যেষ্ঠতা নিয়ে বৈষম্য, ক্ষোভে কর্মকর্তারা

বনকর্মীদের ভাষ্য অনুযায়ী, ১৯৮৫ সালের নিয়োগবিধিতে ফিডার পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতির যোগ্যতা অর্জিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু ২০১১ ও ২০১৯ সালের নিয়োগবিধি এবং ভূতাপেক্ষ পদোন্নতির আদেশের কারণে জ্যেষ্ঠতা নির্ধারণে অসংগতি তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন তাঁরা।

২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জারি করা এক আদেশে ৪৫৪ জন ফরেস্টারকে ২০২০ সালের ১৩ ডিসেম্বর থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। এই আদেশের পর পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়।

২০০৫ সালের ৭ জুলাই ফরেস্টার পদে যোগ দেওয়া এক কর্মকর্তা লিখিত আবেদনে দাবি করেন, ২০০৭ সালে তাঁর পদোন্নতির যোগ্যতা অর্জিত হলেও একই আদেশে নিয়োগপ্রাপ্ত ২০৩ থেকে ২৮৯ ক্রমিকের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। এতে চাকরিকাল ও জ্যেষ্ঠতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে।

এ ছাড়া ১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে যোগ দেওয়া এবং ২০০০ ও ২০০৪ সালে রাজস্ব খাতে নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তাকে পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্তদের নিচে অবস্থান দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। যদিও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৮৯ জনের একটি সুপারিশপত্রে বিধি অনুসরণ করে জ্যেষ্ঠতা তালিকা তৈরির কথা উল্লেখ রয়েছে।

মামলা, বরখাস্ত ও কারাভোগের অভিযোগের মধ্যেও পদোন্নতি

নথিপত্র ও অভিযোগ সূত্রে জানা গেছে, দুদকের মামলা, বিভাগীয় তদন্ত এবং ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায়ও একাধিক কর্মকর্তার পদোন্নতি হয়েছে। অভিযোগ রয়েছে, আমীরুল হাসান কারাভোগ ও সাময়িক বরখাস্তের পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও এবং ২০১৬ সালের গ্রেডেশন তালিকায় নাম না থাকা সত্ত্বেও ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি পান। পরে রেঞ্জার পদে পদোন্নতির জন্য তদবির শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া দুদকের মামলা চলমান থাকা অবস্থায় চিন্ময় মধু এবং একাধিক মামলার আসামি সুলতানুল আলম পদোন্নতি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আদালতে হাজির হলে সুলতানুল আলমকে কারাগারে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বিচারাধীন ১০টি মামলার তথ্য উপেক্ষা করেই পদোন্নতির সুপারিশ এগিয়ে নেওয়া হচ্ছে। পদোন্নতির গ্রেডেশন তালিকার সাত নম্বর ক্রমিকেও সিভিল পিটিশন নম্বর ৩৮৭১/২০২৬ ও ৩৮৭২/২০২৬-এর তথ্য উল্লেখ করা হয়নি বলে দাবি তাঁদের। অথচ প্রধান বন সংরক্ষক (সিসিএফ) নিজেই ওই মামলায় ওকালতনামায় স্বাক্ষর করেছিলেন বলে আইনজীবী আজিজ মোর্শেদ জানিয়েছেন।

নিম্ন আদালতে সাত, উচ্চ আদালতে তিন মামলা

আদালত ও নথি সূত্রে জানা গেছে, পদোন্নতি-সংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতে সাতটি এবং উচ্চ আদালতে তিনটিসহ অন্তত ১০টি মামলা বিচারাধীন রয়েছে। রতন লাল মহতের দায়ের করা প্রথম মামলায় প্রাথমিকভাবে স্থগিতাদেশ দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-৩-এ একাধিক মামলা চলমান রয়েছে। পাশাপাশি উচ্চ আদালতের আপিল বিভাগে সিভিল পিটিশনও রয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনালের ১১০/২৬ নম্বর মামলায় বাদী ওমর ফারুকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি নিজে হাজির না হয়ে অন্য কর্মকর্তাদের পাঠিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক ভূঁইয়া বলেন, উচ্চ আদালতে মামলাগুলো অপেক্ষমাণ রয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ পাঠানো হয়েছে। এ অবস্থায় কীভাবে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে, তা বোধগম্য নয়।

অভিযোগের বিষয়ে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব মেলেনি।

সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির জানান, নিম্ন আদালতে চলমান মামলাগুলোতে পদোন্নতি প্রক্রিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। উচ্চ আদালতের সাম্প্রতিক মামলাগুলো সম্পর্কেও তিনি অবগত নন। কারও নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হলে তার দায়ভার তিনি নেবেন না বলেও জানান।

পিএসসির ১৫ নম্বর ইউনিটের পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা না থাকলে পদোন্নতি কার্যক্রম চালাতে আইনগত বাধা নেই। উচ্চ আদালতের কোনো নোটিশ তাঁর কাছে পৌঁছায়নি বলেও জানান তিনি।

সব মিলিয়ে বন অধিদপ্তরের পদোন্নতি প্রক্রিয়াকে ঘিরে জ্যেষ্ঠতা, বিধিমালা, মামলার তথ্য এবং অর্থ সংগ্রহের অভিযোগ এখন প্রশাসনিক ও আইনি প্রশ্নের মুখে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বিচারাধীন মামলার তথ্য যাচাই এবং পদোন্নতির স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। মামলাগুলোর নিষ্পত্তি ও অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এই পদোন্নতি প্রক্রিয়া ঘিরে বিতর্ক থামার সম্ভাবনা কম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ