একেক বিশ্ববিদ্যালয়ে একেক অঙ্কের আবেদন ফি, কোথাও ১ হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা—ভর্তি পরীক্ষার আয় বণ্টন ও সম্মানী নিয়েও প্রশ্ন। প্রতীকী ছবি এআই দিয়ে তৈরি
বাংলাদেশে শিক্ষা বাণিজ্য নয়, বরং সেবামূলক খাত—নীতিনির্ধারকদের মুখে এমন বক্তব্য প্রায়ই শোনা যায়। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার বাস্তব চিত্র সেই বক্তব্যের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। উচ্চশিক্ষার প্রবেশদ্বারেই শিক্ষার্থীদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শুধু আবেদন ফরম বিক্রির নামে বিপুল অর্থ আদায় নয়, ভর্তি পরীক্ষা থেকে পাওয়া অর্থের ব্যয় ও বণ্টন নিয়েও রয়েছে নানা অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ তৈরি হচ্ছে। একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন, পরীক্ষাকেন্দ্রে যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন যেন ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। প্রশ্ন উঠছে—পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের প্রক্রিয়া, নাকি আবেদন ফি ও আনুষঙ্গিক আয়-ব্যয়ের একটি বড় আর্থিক ব্যবস্থায় পরিণত হয়েছে?
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি বিজ্ঞপ্তিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। তবে একই পরীক্ষা ঢাকা ও রাজশাহী কেন্দ্রে দিতে চাইলে একজন শিক্ষার্থীকে গুনতে হবে ১ হাজার ৮০০ টাকা। শিক্ষার্থীদের যাতায়াতের খরচ ও ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে পরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও কেন্দ্র পরিবর্তনের জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি নির্ধারণ নতুন করে প্রশ্ন তৈরি করেছে। একই পরীক্ষা, একই বিশ্ববিদ্যালয়—শুধু পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কারণে বাড়তি অর্থ কেন দিতে হবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। চারুকলা ইউনিটে আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউটে (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ফি বৃদ্ধির ধারাও উদ্বেগজনক। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৩৫০ টাকা। এরপর ধাপে ধাপে ফি বাড়তে থাকে। ২০২১-২২ শিক্ষাবর্ষে একলাফে ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফি অপরিবর্তিত থাকলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আরও ৫০ টাকা বাড়ানো হয়। এবারও ফি বৃদ্ধির মধ্য দিয়ে আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ব্যয় বাড়ল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে (মানবিক) আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, বি ইউনিটে (বাণিজ্য) ১ হাজার ১০০ টাকা এবং সি ইউনিটে (বিজ্ঞান) ১ হাজার ৩২০ টাকা। তুলনামূলকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি কিছুটা কম। সেখানে প্রতি ইউনিটে আবেদন ফি ১ হাজার টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে আবেদন করতে গুনতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা।
শিক্ষাবিদদের মতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ফি শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে। ভর্তি পরীক্ষা আয়োজনের প্রকৃত ব্যয় নিরূপণ করে সেই অনুযায়ী ফি নির্ধারণ করা উচিত। শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় না নিয়ে একের পর এক ফি বাড়ানো উচ্চশিক্ষার সুযোগকে সংকুচিত করতে পারে।
আবেদন ফি নয়, আয় বণ্টনেও প্রশ্ন
ভর্তি পরীক্ষার আবেদন ফি নিয়ে প্রশ্ন শুধু অর্থ আদায়ের পরিমাণেই সীমাবদ্ধ নয়। ফরম বিক্রি থেকে পাওয়া অর্থ কোথায়, কীভাবে এবং কার মাধ্যমে ব্যয় হচ্ছে—তা নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ।
অনুসন্ধানে উঠে এসেছে, অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয় থেকে নির্ধারিত অংশ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা না দিয়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বণ্টন করা হয়। উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন কমিটির সদস্যদের সম্মানী ও দায়িত্ব ভাতার নামে বড় অঙ্কের অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। ফলে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা আবেদন ফি অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক আয় না হয়ে সংশ্লিষ্টদের অতিরিক্ত আয়ের উৎসে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ম অনুযায়ী, ভর্তি পরীক্ষার ফরম বিক্রি থেকে পাওয়া অর্থের ৬০ শতাংশ পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যয় করা যাবে। বাকি ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলে জমা দিতে হবে। তবে ভর্তি পরীক্ষার আবেদন ফি কত নির্ধারণ করা যাবে, সে বিষয়ে ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এই সুযোগে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো ফি নির্ধারণ করছে বলে অভিযোগ রয়েছে।
শুধু আবেদন ফি নির্ধারণেই নয়, বিশ্ববিদ্যালয়ের তহবিলে নির্ধারিত ৪০ শতাংশ অর্থ জমা দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের তথ্য উঠে এসেছে। একাধিক বিশ্ববিদ্যালয়ে এই নীতিমালা অনুসরণ করা হয়নি বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
চার বিশ্ববিদ্যালয়ে জমা হয়নি ৪০ শতাংশ অর্থ, ক্ষতি ১ কোটি ৬২ লাখ টাকা
স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফরম বিক্রির আয় থেকে নির্ধারিত ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা না দেওয়ার অভিযোগ উঠেছে চারটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। নিরীক্ষা প্রতিবেদনে এ ঘটনায় মোট ১ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ৯৯১ টাকার আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। ২০১৫-১৬ থেকে ২০১৮-১৯ অর্থবছরের মধ্যে এসব অনিয়ম ঘটে।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা অর্থের পরিমাণ হলো—
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: ৫৭ লাখ ৯৬ হাজার ২৩১ টাকা
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৭৯ লাখ ৫৭ হাজার ৬৪৪ টাকা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১১ লাখ ২ হাজার ১৬৬ টাকা
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ১৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা
ভর্তি ফরম বিক্রির আয় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য অর্থ জমা না হওয়ার এই চিত্র ভর্তি পরীক্ষা পরিচালনার আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে।
পরীক্ষা আয়োজনের খরচ কম, সম্মানী-ভাতায় বড় অঙ্ক
ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ভর্তি পরীক্ষা আয়োজনের প্রধান কাজ হলো প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ এবং ওএমআর শিট প্রস্তুত ও ছাপানো। এসব খাতে ব্যয় তুলনামূলক কম হলেও পরীক্ষা আয়োজনের নামে বড় অঙ্কের অর্থ ব্যয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। এর উল্লেখযোগ্য অংশ পরীক্ষার হলে দায়িত্ব পালন, গার্ড ও দায়িত্ব ভাতার নামে ব্যয় হয়।
ভর্তি পরীক্ষা আয়োজনের সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারাও বড় অঙ্কের সম্মানী ও ভাতা পান। বিশ্ববিদ্যালয়ভেদে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের নামে ১ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এরপর কোর কমিটি, ডিনস কমিটি ও বিভিন্ন উপকমিটির সদস্যদের নামে অর্থ বরাদ্দ দেওয়া হয়। সবশেষে অবশিষ্ট অর্থ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিভিন্ন অনুপাতের ভিত্তিতে বণ্টন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য পারিশ্রমিক বাবদ ৬ লাখ টাকা নেন। উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নেন যথাক্রমে সাড়ে ৫ লাখ ও ৫ লাখ টাকা। একইভাবে গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান ৮ লাখ টাকা নেন। একই পরীক্ষায় অর্থ কমিটির আহ্বায়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাওকত আলী নেন ৩ লাখ টাকা।
অভিযোগ রয়েছে, এসব কর্মকর্তারা গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্মানীর পাশাপাশি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন থেকেও সম্মানী গ্রহণ করেন। ফলে একই ধরনের দায়িত্ব পালনে একাধিক উৎস থেকে অর্থ গ্রহণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
রাষ্ট্রীয় বেতন, আবার ভর্তি পরীক্ষার সম্মানী—নৈতিকতার প্রশ্ন
শিক্ষাবিদদের অভিমত, সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পান। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন ও এর আনুষঙ্গিক কাজ তাদের দায়িত্বের অংশ। ফলে এই কাজের জন্য বিপুল অঙ্কের অতিরিক্ত অর্থ গ্রহণ নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়।
ছুটির দিনে দায়িত্ব পালন কিংবা অতিরিক্ত শ্রমের জন্য যৌক্তিক পরিমাণ সম্মানী দেওয়া যেতে পারে। কিন্তু সেই সুযোগে হাজার হাজার টাকা করে ভাগ করে নেওয়া অনৈতিক। ভর্তি পরীক্ষার আয় শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থ। সেই অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, যৌক্তিকতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা, সুযোগ হারাচ্ছেন মেধাবীরা
ভর্তি ফি ও পরীক্ষা আয়োজনের ব্যয়ের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ে শিক্ষার্থীদের ওপর। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আলাদা আবেদন ফি, পরীক্ষাকেন্দ্রে যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে ভর্তি হওয়ার আগেই ব্যয় করতে হয় বড় অঙ্কের অর্থ।
বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই ব্যয় বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক পরিবারের পক্ষে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সামর্থ্য থাকে না। ফলে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারান। উচ্চশিক্ষার সুযোগ তখন আর কেবল মেধা ও যোগ্যতার ওপর নির্ভর করে থাকে না; আর্থিক সামর্থ্যও হয়ে ওঠে বড় নিয়ামক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মজিবুর রহমান দেশ গণমাধ্যমকে বলেন, শিক্ষা কখনো বাণিজ্যিক পণ্য হতে পারে না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও পরিবারের ওপর চাপের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। ভর্তি পরীক্ষা আয়োজন করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তার যৌক্তিক হিসাব করেই ফি নির্ধারণ করা প্রয়োজন।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার আয়-ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পান। তাই ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত সম্মানী গ্রহণের ক্ষেত্রেও যৌক্তিকতা থাকা জরুরি। কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ সংশ্লিষ্টদের বাড়তি আয়ের উৎস হওয়া উচিত নয়।
পাবলিক বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, মেধা বিকাশ ও সামাজিক বৈষম্য কমানোর প্রতিষ্ঠান। অথচ ভর্তি পরীক্ষার আবেদন ফি বৃদ্ধি, অর্থ বণ্টনে অনিয়মের অভিযোগ এবং অতিরিক্ত সম্মানী-ভাতার সংস্কৃতি সেই লক্ষ্যকে প্রশ্নের মুখে ফেলছে। শিক্ষা যদি সত্যিই সেবামূলক খাত হয়, তাহলে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ওপর আর্থিক বোঝা কমানো, পরীক্ষার ব্যয়ের যৌক্তিকতা প্রকাশ এবং প্রতিটি টাকার হিসাব নিশ্চিত করা জরুরি।
উচ্চশিক্ষার দরজা মেধার জন্য উন্মুক্ত থাকার কথা; কিন্তু সেই দরজায় যদি ক্রমেই বাড়তে থাকে টাকার বাধা, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যবস্থা কতটা জনমুখী—সেই প্রশ্ন এড়ানোর সুযোগ নেই।
