রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশু হাসপাতাল ঘিরে আজিজুল–আজহারুল সিন্ডিকেটের অভিযোগ, নিয়োগ-বাণিজ্য, পদোন্নতিতে কারসাজি ও কমিশন আদায়ের অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

আর্থিক সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ও রোগীসেবার দুরবস্থার মধ্যেই ১০০ জন নিয়োগের উদ্যোগ—২০ লাখ টাকায় পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ; বোর্ড সভাপতির প্রশাসনিক হস্তক্ষেপে পরিচালকের ক্ষমতা খর্বের দাবি। ফাইল ছবি

দেশের শিশু চিকিৎসা ও শিশুস্বাস্থ্য বিষয়ে উচ্চতর চিকিৎসাশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। অথচ এই প্রতিষ্ঠানকে ঘিরে এখন একের পর এক গুরুতর অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য, পদোন্নতিতে কারসাজি ও কমিশন আদায়ের অভিযোগ সামনে আসছে। প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. কে. এম. আজিজুল হক এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তাকে ঘিরে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেট হাসপাতালের প্রশাসন, নিয়োগ ও আর্থিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীরা।

অভিযোগের কেন্দ্রে রয়েছে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, প্রশাসনিক ক্ষমতার সীমা অতিক্রম, চুক্তিভিত্তিক নিয়োগের নামে বিধিবিধান উপেক্ষা, আর্থিক সংকটের মধ্যেও নতুন লোকবল নিয়োগের তৎপরতা এবং অসহায় রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে কমিশন আদায়ের অভিযোগ। এসব অভিযোগ সত্য হলে দেশের অন্যতম বিশেষায়িত শিশু চিকিৎসা প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও রোগীসেবার মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হবে।

বোর্ড গঠন নিয়ে প্রশ্ন, প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগ

নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট একীভূত হয়ে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপ নেয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১-এর ৬ নম্বর ধারার ১ নম্বর উপধারায় পরিচালনা বোর্ডের গঠন ও সদস্যসংখ্যা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগ স্মারক নম্বর ৪৫.০০.০০০০.১৬২.৯৯.০১০.২১-৬৮-এর মাধ্যমে নতুন পরিচালনা বোর্ড গঠন করে।

কিন্তু এই বোর্ড গঠন ও এর পরবর্তী কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, সভাপতিসহ কয়েকজন সদস্যের নিয়োগ, যোগ্যতা ও প্রতিনিধিত্ব নির্ধারণের ক্ষেত্রে আইনের বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। শুধু বোর্ড গঠনেই নয়, বোর্ডের সভাপতির ক্ষমতা ও দায়িত্বের সীমা অতিক্রম করে দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও উঠেছে।

প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো যেখানে পরিচালককে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছে, সেখানে বোর্ড সভাপতির কথিত অতিরিক্ত হস্তক্ষেপ হাসপাতালের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

পরিচালকের দপ্তর কার্যত ছায়ায়, সভাপতির নিয়মিত অফিস করার অভিযোগ

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. কে. এম. আজিজুল হক প্রতিদিন অফিস করছেন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে সরাসরি প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সভাপতির এমন নিয়মিত উপস্থিতি ও হস্তক্ষেপে পরিচালকের দাপ্তরিক কর্তৃত্ব কার্যত সংকুচিত হয়ে পড়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, তিনি হাসপাতালের পরিচালক নন, পরিচালনা বোর্ডের সভাপতি। তাঁর পদ অনারারি ও অবৈতনিক। বিধি অনুযায়ী বোর্ডের সভা ও নীতিগত সিদ্ধান্তে ভূমিকা রাখার কথা থাকলেও প্রশাসনিক ভবনের ১৩২(এ) নম্বর কক্ষে নিয়মিত অফিস করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই কক্ষকে কেন্দ্র করে বৈধ-অবৈধ তদবির বাণিজ্য পরিচালিত হচ্ছে বলেও দাবি অভিযোগকারীদের।

অনারারি ও অবৈতনিক পদে থাকা একজন বোর্ড সভাপতির জন্য প্রশাসনিক ভবনে স্থায়ী কক্ষ বরাদ্দ, নিয়মিত অফিস পরিচালনা এবং সার্বক্ষণিক জনবল নিয়োজিত রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিযোগ, ওই কক্ষের জন্য কয়েক লাখ টাকা ব্যয়ে সোফাসেটসহ দামি আসবাবপত্র কেনা হয়েছে। হাসপাতালের আরপি ও সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হক চৌধুরী (রানা) এ অর্থের ব্যবস্থা করেছেন বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, চলতি বছরের পিকনিক তহবিলের উদ্বৃত্ত অর্থ থেকে এসব কেনাকাটায় ব্যয় করা হয়েছে।

কক্ষটিতে সার্বক্ষণিক দুজন পিয়ন নিয়োজিত থাকার পাশাপাশি বিশেষ কোনো উপলক্ষ ছাড়াই নিয়মিত ভোজের আয়োজন করা হয় বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, কক্ষটি এখন অফিসের চেয়ে খানাপিনা, আড্ডা, তদবির ও পিকনিককেন্দ্রিক কর্মকাণ্ডের স্থান হয়ে উঠেছে। সভাপতির মন জোগাতে ব্যস্ত একটি গোষ্ঠীর কারণে রোগীসেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত কাজের চাপে থাকা চিকিৎসকরা ভয়ে অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না।

পূবালী ব্যাংকের এফডিআর ও শাখা স্থাপন ঘিরে কমিশন বাণিজ্যের অভিযোগ

হাসপাতালের উপার্জিত অর্থ পূবালী ব্যাংকে ফিক্সড ডিপোজিট (এফডিআর) রাখা এবং হাসপাতালের সি ব্লকে ব্যাংকটির শাখা স্থাপনের উদ্যোগ নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে আর্থিক সুবিধা বা কমিশন আদায়ের যোগসূত্র রয়েছে।

এমনকি প্রতিষ্ঠানের নামে একটি গাড়ি বরাদ্দ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। তবে সেই গাড়ি সার্বক্ষণিক ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে এবং জ্বালানি ও চালকের খরচ বহন করছে হাসপাতাল—এমন দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের অর্থ, সম্পদ ও জনবল ব্যক্তিগত সুবিধায় ব্যবহৃত হয়ে থাকলে তা শুধু প্রশাসনিক অনিয়ম নয়, সরকারি সম্পদের জবাবদিহি নিয়েও গুরুতর প্রশ্নের জন্ম দেয়।

সভাপতির যোগ্যতা নিয়ে বিতর্ক, বিএমএ প্রতিনিধিত্বেও আইনি প্রশ্ন

পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে অধ্যাপক ডা. কে. এম. আজিজুল হকের নিয়োগ নিয়েও আপত্তি তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, বোর্ডের সভাপতির জন্য আইন নির্ধারিত যোগ্যতার সঙ্গে তাঁর শিক্ষাগত ও পেশাগত অবস্থানের সামঞ্জস্য নেই।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১-এর ৬(১) ধারার (ক) দফায় সরকার মনোনীত জাতীয়ভাবে সুনাম অর্জনকারী চিকিৎসা বিষয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সভাপতি করার বিধান রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, ডা. কে. এম. আজিজুল হক চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমাধারী হলেও ওই পদে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড পূরণ করেন না। এ বিষয়ে আইন ও নিয়োগসংক্রান্ত নথি যাচাইয়ের দাবি উঠেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনের প্রসঙ্গ টেনে অভিযোগকারীরা আরও প্রশ্ন তুলেছেন, এমডি, এমএস বা এফসিপিএস ডিগ্রি ছাড়া মেডিকেল অফিসার থেকে শিক্ষক হিসেবে পদোন্নতির যোগ্যতা কীভাবে নির্ধারিত হয়েছে।

একইভাবে বোর্ডের সদস্য সহকারী অধ্যাপক ডা. এম. এ. কামালের সদস্যপদ নিয়েও বিতর্ক রয়েছে। অভিযোগ অনুযায়ী, সভাপতির হস্তক্ষেপে তাঁকে বোর্ডে সদস্য করা হয়েছে এবং যথাযথ ডিগ্রি ও যোগ্যতা ছাড়াই নামের আগে অধ্যাপক পদবি ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১-এর ৬(১) ধারার (ঠ) দফায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মনোনীত প্রতিনিধিকে বোর্ডে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। অভিযোগকারীদের দাবি, ডা. এম. এ. কামাল বিএমএ কার্যকরী পরিষদ, ঢাকার ২০০৪ সালের সাবেক সদস্য হিসেবে বোর্ডে স্থান পেয়েছেন। ফলে বর্তমান প্রতিনিধিত্বের শর্ত পূরণ হয়েছে কি না, তা নিয়েও আইনি প্রশ্ন দেখা দিয়েছে।

পদোন্নতির আড়ালে বৈষম্যের গল্প, পুনর্বহাল ও চুক্তিভিত্তিক নিয়োগের অভিযোগ

বোর্ড সভাপতির ঘনিষ্ঠদের নিয়ে সিন্ডিকেট গঠনের অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে পদোন্নতি ও নিয়োগে অনিয়মের বিতর্ক। নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৮ মে ডা. ইসরাত ও অধ্যাপক ডা. মো. শাহজাহানসহ কয়েকজনকে বৈষম্যের শিকার দেখিয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে অভিযোগকারীদের দাবি, তাঁদের পদোন্নতির পক্ষে বৈষম্যের যে যুক্তি দেখানো হয়েছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অভিযোগ রয়েছে, ডা. ইসরাত ২০১১ সালে মেডিকেল অফিসার পদে কর্মরত অবস্থায় স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে যান। পরবর্তী সময়ে পূর্ব কর্মস্থলের ধারাবাহিকতার সূত্র ধরে তাঁকে পুনর্বহাল করে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অভিযোগকারীদের মতে, এ প্রক্রিয়া সরকারি নিয়োগ ও চাকরিবিধির সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে, চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ডা. মো. শাহজাহান জন্মতারিখ অনুযায়ী ২০২৩ সালের ১৫ জানুয়ারি ৫৯ বছর পূর্ণ করায় প্রচলিত নিয়মে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে পরবর্তী সময়ে অধ্যাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। চাকরিকালে তৎকালীন স্বাচীপের শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটনের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে মেয়াদ শেষেও চাকরিতে থাকার জন্য আর্থিক লেনদেন হয়েছিল বলেও দাবি করা হচ্ছে।

এ ছাড়া ৬৫ বছরের বেশি বয়সী ডা. নাজমাকে বৈতনিকভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। অথচ ২০১৯ সালের ৭ ডিসেম্বর ব্যবস্থাপনা বোর্ডের ৩৬৪তম সভায় ৬৫ বছর পূর্ণ হওয়ার পর শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে উল্লেখ করেছেন অভিযোগকারীরা। সেই সিদ্ধান্তের পরও নতুন করে নিয়োগের উদ্যোগ নেওয়া হলে তা প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা খতিয়ে দেখা জরুরি।

৩৬ কোটি টাকার বার্ষিক ঘাটতি, সিটি স্ক্যান–এমআরআই নেই; তবু ১০০ জন নিয়োগের উদ্যোগ

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আর্থিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। অভিযোগকারীদের তথ্য অনুযায়ী, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৯৫০ জনের বার্ষিক বেতন-ভাতা পরিশোধে প্রয়োজন প্রায় ৬৬ কোটি টাকা। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যায় প্রায় ৩০ কোটি টাকা। ফলে প্রতিবছর প্রায় ৩৬ কোটি টাকার ঘাটতি নিজস্ব ব্যবস্থাপনায় সামাল দিতে হয় প্রতিষ্ঠানটিকে।

এমন আর্থিক চাপের মধ্যে হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংকটও প্রকট। অভিযোগকারীদের দাবি, জরুরি ও জটিল রোগ নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি স্ক্যান ও এমআরআই মেশিন নেই। শিশুদের চিকিৎসায় আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা যেখানে অপরিহার্য, সেখানে এসব সরঞ্জামের ঘাটতি রোগী ও চিকিৎসকদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু আর্থিক সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিরসনে অগ্রাধিকারমূলক উদ্যোগের পরিবর্তে নতুন নিয়োগের তোড়জোড় চলছে বলে অভিযোগ। সংশ্লিষ্টদের দাবি, এর আগেও সভাপতি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ না করে রাতের আঁধারে ভোট গ্রহণের মতো পরিস্থিতিতে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন। জাতীয় দৈনিকগুলোতে অনুসন্ধানী প্রতিবেদন ও সমালোচনা প্রকাশের পর সেই নিয়োগ বাতিল করে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ দিতে বাধ্য হন তিনি।

তবে অভিযোগকারীদের দাবি, বিতর্কিত নিয়োগের সেই অধ্যায় শেষ হলেও নতুন করে নিয়োগ-বাণিজ্যের তৎপরতা থামেনি। গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে ৫০ জন চিকিৎসক এবং ৫০ জন আয়া, ওয়ার্ড বয় ও পিয়নসহ মোট ১০০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগকে ঘিরে বড় অঙ্কের আর্থিক লেনদেন ও অনিয়মের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট চিকিৎসক-কর্মকর্তারা।

২০ লাখ টাকায় পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ, বয়সসীমা লঙ্ঘনের প্রশ্ন

নতুন নিয়োগ প্রক্রিয়ায় হাসপাতালের উপপরিচালক ডা. আজহারুল ইসলামের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, নিয়োগ কার্যক্রমে তিনি সভাপতির ঘনিষ্ঠদের সহযোগিতা করছেন এবং বিভিন্ন পদে নিয়োগের নামে আর্থিক লেনদেনের মধ্যস্থতা করছেন।

তাঁদের অভিযোগ, গত সপ্তাহে প্রায় ৫০ বছর বয়সী একজন ব্যক্তিকে ২০ লাখ টাকার বিনিময়ে সহকারী পরিচালক (উন্নয়ন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই লেনদেনে ডা. আজহারুল ইসলাম মধ্যস্থতা করেছেন বলে দাবি করা হচ্ছে। অথচ নবম গ্রেডের ওই পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা ছিল ৩২ বছর। অভিযোগটি সত্য হলে বয়সসীমা উপেক্ষা করে নিয়োগ এবং অর্থের বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার বিষয়টি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলবে।

এ ছাড়া হাসপাতালের কিছু চিকিৎসক ও চতুর্থ শ্রেণির কর্মচারীর যোগসাজশে অসহায় রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে কমিশন আদায়ের অভিযোগও রয়েছে। রোগীর চিকিৎসার প্রয়োজন, হাসপাতালের সক্ষমতা ও চিকিৎসকের পরামর্শের বাইরে আর্থিক স্বার্থে রোগী স্থানান্তর করা হয়ে থাকলে তা মানবিক চিকিৎসাসেবা ও পেশাগত নৈতিকতার পরিপন্থী।

শিশুদের চিকিৎসার প্রতিষ্ঠান, নাকি নিয়োগ ও তদবিরের কেন্দ্র?

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চিকিৎসা, গবেষণা, প্রশিক্ষণ ও রোগীসেবার মান উন্নয়নই হওয়ার কথা প্রধান লক্ষ্য। কিন্তু নিয়োগ-বাণিজ্য, পদোন্নতিতে অনিয়ম, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, কমিশন আদায় এবং ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ যদি সত্য হয়, তবে তা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ও জনআস্থার জন্য অশনিসংকেত।

প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি, চিকিৎসা সরঞ্জামের অভাব এবং জনবল ব্যবস্থাপনায় অসংগতি থাকা সত্ত্বেও নতুন নিয়োগের উদ্যোগ কেন, কার স্বার্থে এবং কী প্রক্রিয়ায়—এসব প্রশ্নের স্বচ্ছ উত্তর জরুরি। একই সঙ্গে বোর্ড সভাপতির ক্ষমতার সীমা, তাঁর নিয়োগের যোগ্যতা, বোর্ড সদস্যদের প্রতিনিধিত্ব, পদোন্নতির বৈধতা, চুক্তিভিত্তিক নিয়োগ এবং কথিত কমিশন বাণিজ্যের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।

শিশুদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত একটি হাসপাতাল যদি প্রশাসনিক ক্ষমতার দ্বন্দ্ব, নিয়োগ-বাণিজ্য ও ব্যক্তিস্বার্থের অভিযোগে আচ্ছন্ন হয়ে পড়ে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চিকিৎসা নিতে আসা অসহায় শিশু ও তাদের পরিবার। তাই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় নথি প্রকাশ, স্বাধীন তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

অভিযোগগুলোর বিষয়ে অধ্যাপক ডা. কে. এম. আজিজুল হক, ডা. আজহারুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলোর স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা সমীচীন নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ