শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি এক-দুই বিষয়ে ফেল শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতেই পরীক্ষা দিতে পারবেন তারা। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

তবে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা করতে হয়। এতে তাদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষা কমবে এবং দ্রুত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ তৈরি হবে।

তবে এক মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের তারিখ, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।