ছবি সংগৃহীত
রাজনীতির মঞ্চে কখনো একটি বাক্যই হয়ে ওঠে ভাগ্য বদলের মোড়। ঠিক তেমনই এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সৃষ্টি হয়েছে তুমুল আলোড়ন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—এই দুটি শব্দই যেন কেড়ে নিলো এক ছাত্রদল নেতার সংগঠনিক পরিচয়।
পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোনায়েম খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহীন আলম জনির যৌথ স্বাক্ষরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সেই ফেসবুক পোস্ট। জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মোনায়েম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানটি লেখেন। এরপর থেকেই যেন তিনি হয়ে ওঠেন অদৃশ্য—যোগাযোগের সব পথ বন্ধ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল জানান, তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু ফোন বন্ধ পাওয়া গেছে। পরিচিতদের মাধ্যমেও তাকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি ছোট্ট স্ট্যাটাস, কিছু আবেগমাখা শব্দ—আর তাতেই রাজনৈতিক সম্পর্কের সূতো ছিঁড়ে যাওয়ার এই গল্প এখন স্থানীয় অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এখানে রাজনীতি যেমন কঠোর, তেমনি শব্দও কখনো হয়ে ওঠে নিয়তির নির্মম নিয়ন্ত্রক।
