শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমপি আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে নাটোর জেলা বিএনপি

গুরুদাশপুর ( নাটোর) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রদল নেতা হত্যার ঘটনায় ছেলের সম্পৃক্ততার অভিযোগ ও নিজের অশালীন ভিডিও ভাইরাল—দুই ঘটনায় ইমেজ সংকটে বিএনপি নেতা আব্দুল আজিজ

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি। তাঁর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা শাকিল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগ এবং এমপি আজিজের নিজের অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দলটি ইমেজ সংকটে পড়েছে বলে জানা গেছে।

এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় কমিটির। এ কারণে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে লিখিতভাবে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কোনো সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্র তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ছাত্রদল নেতা শাকিলকে কুপিয়ে জখমের অভিযোগ

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন। বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাঁকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার সকালে শাকিলকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এমপি আব্দুল আজিজের ছেলের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় এবং তাঁর নিজের অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলীয় ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় বিএনপির কাছে সুপারিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে নাটোর জেলা বিএনপি।

তবে অভিযোগগুলোর বিষয়ে এমপি আব্দুল আজিজের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।