শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ বন্ধুর অবস্থা গুরুতর

সাভার প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে আশুলিয়ায় গুলিবর্ষণ, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার। প্রতীকী ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তার ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ সময় লক্ষ্যভ্রষ্ট একটি গুলি প্রতিপক্ষের সঙ্গে থাকা তাঁর বন্ধুর বাম হাঁটুর ওপর বিদ্ধ হয়। এতে সাইদুর রহমান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে আশুলিয়া থানাধীন ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইদুর রহমান বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ানের সঙ্গে একই এলাকার হাফিজুর রহমানের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও জমি-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে হাফিজুর রহমানের ছেলে আসিফ ও তাঁর সহযোগী কামরুল মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন।

একপর্যায়ে তাঁরা রকি দেওয়ানকে লক্ষ্য করে পিস্তল দিয়ে পরপর তিন রাউন্ড গুলি ছোড়েন। এ সময় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রকির সঙ্গে থাকা তাঁর বন্ধু সাইদুর রহমানের বাম পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।