চার ভাই রাশেদ, শাহেদ, সিরাজ ও শহিদ। ছবি: সংগৃহীত
ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। একসঙ্গে চার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন— মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা লালানগর ইউনিয়ন-এর ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং আবদুল মজিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল মজিদের পাঁচ ছেলের মধ্যে চারজনই ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন।
তাদের মধ্যে দুই ভাই ছিলেন অবিবাহিত। আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল তাদের। প্রিয়জনদের জন্য কেনাকাটা শেষে ফেরার পথেই ঘটে যায় হৃদয়বিদারক এই ট্র্যাজেডি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন সুমন জানান, যে দুই ভাইয়ের হাসিমুখে দেশে ফেরার কথা ছিল, তারা ফিরছেন লাশ হয়ে। পরিবারের কান্না থামছেই না।” তিনি বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
লালানগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর বলেন, একই পরিবারের চার ভাইয়ের এমন মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। মানুষের ঘরে ঘরে এখন শুধু শোক আর কান্না।
এদিকে রাঙ্গুনিয়া থানা-র ওসি মো. জহির উদ্দিন জানান, ওমানে সড়ক দুর্ঘটনায় চার ভাই নিহত হওয়ার বিষয়টি পরিবার পুলিশকে জানিয়েছে। পরে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
