মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ঘুরতে এসে প্রাণ গেল তরুণ পর্যটকের, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরও ৩

অপূর্ব সরকার
জুন ১, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

স্বপ্নের সমুদ্রসৈকত কুয়াকাটায় ঘুরতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জিসান (১৭) নামে এক তরুণ পর্যটক। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে জিসান, রাব্বি ও আবির নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন। সমুদ্র উপভোগের একপর্যায়ে তারা মোটরসাইকেলে করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের দিকে রওনা দেন।

পথিমধ্যে মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে থাকা মিম (১৮) নামে এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীসহ মিম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের চালক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহিপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি আনন্দভ্রমণ মুহূর্তেই রূপ নেয় শোকে। কুয়াকাটার মেরিন ড্রাইভে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আবারও সড়কে সতর্কতার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।