শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন 

কুষ্টিয়া প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৬ ২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

হিজবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের উসকানিমূলক মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদ।

আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের সভাপতি মো: আক্কাচ আলী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমীর মো: জসেব উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল লতিফ ও মো: আইমান আহম্মেদ কামাল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশ থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও অগণতান্ত্রিক বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে বক্তারা হেযবুত তওহীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া, দেশ থেকে উচ্ছেদ করার অরাজক ঘোষণা এবং সমাবেশে অংশগ্রহণকারী নারীদের অবমাননাকর ভাষায় গালাগালি ও হুমকি দিয়েছেন।

বক্তারা অভিযোগ করেন, হেফাজতে ইসলাম তাদের পেশকৃত ৯ দফা দাবিপত্রের ৬ নম্বর দফাতেও হেযবুত তওহীদের ওপর অন্যায্য নিষেধাজ্ঞার দাবি তুলেছে। তারা বলেন, হেযবুত তওহীদের সদস্যদের নিরাপত্তার হুমকিতে ফেলার অংশ হিসেবেই উগ্রবাদীরা পূর্বে পোরকরা গ্রামে হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়িতে চারবার হামলা চালিয়ে দুইজনকে হত্যা ও শতাধিক সদস্যকে আহত করেছিল। বর্তমানে তাদের এই অপতৎপরতার কারণে সংগঠনের হাজার হাজার সদস্যসহ নোয়াখালীতে অবস্থিত স্কুল, হাসপাতাল, খামার ও পোশাক কারখানাসহ অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প চরম হুমকির মুখে পড়েছে।

হেযবুত তওহীদের নেতৃবৃন্দ উল্লেখ করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন, যা বিগত তিন দশকের বেশি সময় ধরে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করছে। দীর্ঘ সময়ে প্রায় ছয় শতাধিক মিথ্যা ও হয়রানি মামলার পর আদালতের রায়ে তাদের সব সদস্য খালাস পেয়েছেন। বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুযায়ী প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও মতপ্রকাশের অধিকার সুরক্ষিত থাকা উচিত।

সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ কয়েকটি নির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-উসকানিমূলক বক্তব্য ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে অরাজকতা সৃষ্টি বন্ধ করা। হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের উগ্রবাদ ও মব সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার পাশাপাশি দেশের সংবিধান ও আইনের শাসন রক্ষায় কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ