বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ায় দ্বিতীয় দিনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। করবো কাজ গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া পৌর বিএনপি এই কর্মসূচির আয়োজন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ০১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ বছরে কেন্দ্রীয় বিএনপি ৫দিন ব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। কর্মসূচির উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
এছাড়া শোভাযাত্রায় জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুয়াদ রেজা ফাহিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব জিল্লুর রহমান জনি, যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৌর ২১টি ওয়ার্ডের হাজারো নেতাকর্মীরা অংশ নেন।
পরে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
দলীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা গত ১ সেপ্টেম্বর থেকে মাছের পোনা অবমুক্ত করন, বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আমাদের দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আরো বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। নানা প্রতিকূলতা ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েও দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থেকেছেন। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এছাড়া কুতুব উদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে ধারণ করে বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। দীর্ঘ ১৭ বছর পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রপরিচালনা করছে। আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।
এদিকে এ কে বিশ্বাস বাবু বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির আয়োজনে আমরা আনন্দ শোভাযাত্রা করেছি। বিএনপি জনমানুষের দল, বিগত ১৭ বছর আমরা জনগণের পাশে থেকেছি আগামী দিনেও জনগণের পাশে থাকার অঙ্গীকার করছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়া কামাল উদ্দিন বলেন, দেশের ক্রান্তিকালে ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি দলকে প্রতিষ্ঠা করেছিলেন। অনেক দু:খ কষ্টের মধ্যে দিয়ে আজকে বিএনপি প্রতিষ্ঠিত। আজকে বিএনপির গৌরব ঐতিহ্য হামলা, মামলা, খুন, গুম সব কিছুর মধ্যে দিয়ে যে ভাবে নির্যাতিত সিকার হয়েছিলো। এরই ফলশ্রুতিতে দেশে একটি সুষ্ঠ নির্বাচন হয়েছে। ভোটের মাধ্যমে জনগন বিএনপিকে ফিরেয়ে এনেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যউন্নয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। আগামী দিনে প্রতিটি পদক্ষেপ সফল হবে ইনশাআল্লাহ।
