শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের সুবিধা ভোগ করে বড়জোর ৫ শতাংশ মানুষ: সোনার বাংলা পার্টি

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২০, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

প্রচলিত গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ শোষিত, বঞ্চিত ও প্রতারিত—দাবি হারুন–অর–রশীদের; শতভাগ মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আলোচনা সভা

বর্তমানে প্রচলিত গণতন্ত্রের সুফল ভোগ করছে সমাজের উচ্চশ্রেণির অল্পসংখ্যক মানুষ। জনসংখ্যার বড়জোর ৫ শতাংশ মানুষ এই গণতন্ত্রের সুবিধা পেলেও বাকি জনগোষ্ঠী শোষণ, বঞ্চনা ও প্রতারণার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন–অর–রশীদ।

তিনি বলেন, ‘বর্তমানে প্রচলিত গণতন্ত্র হলো সমাজের কেবল উচ্চশ্রেণির স্বল্পসংখ্যক লোকের গণতন্ত্র। এই গণতন্ত্রের সুবিধাও ভোগ করে মোট জনসংখ্যার বড়জোর ৫ শতাংশ লোক। বাকিরা এতে শোষিত, বঞ্চিত ও প্রতারিত।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনতন্ত্রে সীমাবদ্ধ গণতন্ত্র

সৈয়দ হারুন–অর–রশীদ বলেন, ১৯৮০-এর দশক থেকেই যুক্তরাষ্ট্র প্রচলিত গণতন্ত্রকে ‘লিবারেল ডেমোক্রেসি’ হিসেবে অভিহিত করে আসছে। এর আগে শুধু গণতন্ত্র বলা হতো। কিন্তু এই ব্যবস্থায় গণতন্ত্রকে কার্যত নির্বাচনতন্ত্রে রূপ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত ধারণাগুলোও পরিবর্তিত হয়েছে।

প্রচলিত এই ব্যবস্থার পরিবর্তে শতভাগ মানুষের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করে এমন গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা চান এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে রাষ্ট্র পরিচালনায় সব মানুষের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণের সুযোগ থাকবে।

চাই সর্বজনীন গণতন্ত্র, আনুপাতিক প্রতিনিধিত্বে সরকার

সোনার বাংলা পার্টির সভাপতি বলেন, শতভাগ মানুষের গণতন্ত্রকে তাঁরা ‘জনগণের গণতন্ত্র’ বা ‘সর্বজনীন গণতন্ত্র’ হিসেবে অভিহিত করেন। এই ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে।

তাঁর মতে, পৃথিবীর প্রায় সব দেশেই সর্বজনীন গণতন্ত্রের ভিত্তিতে নতুন জাতিরাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বব্যবস্থায় প্রতিষ্ঠা করতে হবে একটি আন্তর্জাতিক ফেডারেল বিশ্ব সরকার। এই বিশ্ব সরকার হবে সব জাতিরাষ্ট্রের সরকারের ঊর্ধ্বতন একটি সরকার।

যুদ্ধের আশঙ্কা দূর করতে বিশ্ব সরকার প্রতিষ্ঠার প্রস্তাব

বিশ্ব সরকারের ভূমিকা তুলে ধরে হারুন–অর–রশীদ বলেন, জাতিরাষ্ট্রগুলোর মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন রাষ্ট্রের বিরোধ মীমাং্যা, যুদ্ধের আশঙ্কা পর্যায়ক্রমে দূর করা এবং আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধান হবে বিশ্ব সরকারের প্রধান কাজ।

তিনি আরও বলেন, রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে কোনো জাতিরাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনী না থাকে। কেবল বিশ্ব সরকারের অধীনেই একটি সেনাবাহিনী থাকবে। রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে সভ্যতা, সংস্কৃতি, সর্বজনীন কল্যাণ ও প্রগতির নীতি অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনার বাংলা পার্টির সভাপতি হারুন–অর–রশীদ। সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, সমাজতান্ত্রিক দলের সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, সোনার বাংলা পার্টির সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী ও মুস্তাফিজুর রহমান মুক্তা।

এ ছাড়া ন্যাশনাল পলিটিক্যাল ক্লাবের প্রেসিডেন্ট অধ্যক্ষ মিন্টু, শেরে বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।