প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিএনপি-জামায়াতের বরফ গলছে, সংলাপের সম্ভাবনা; মাঠে ১১ দল যার যার কর্মসূচিতে, নভেম্বর-ডিসেম্বরজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ার আভাস।
প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দূরত্ব কমানোর নতুন উদ্যোগ শুরু হলেও ঐক্যের প্রশ্নে এখনো পুরোপুরি একমত হতে পারেনি দুই পক্ষ। গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত সামনে রেখে সংলাপের প্রস্তুতি চলছে। তবে ঐক্যের আহ্বানে সাড়া দিলেও মাঠের কর্মসূচি আপাতত পৃথকভাবেই পালন করবে বিএনপি ও বিরোধী জোটের দলগুলো।
জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঐক্যকে কার্যকর ও স্থায়ী রূপ দিতে গণভোটের ফল এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে ভিত্তি হিসেবে দেখতে চান বিরোধীরা। এ বিষয়ে বিএনপির অবস্থান এখনো স্পষ্ট না হওয়ায় সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসের শেষ দিকে সর্বদলীয় বৈঠক কিংবা রাজনৈতিক সংলাপের সম্ভাবনা তৈরি হয়েছে।
ইতোমধ্যে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ খেলাফত মজলিস নাশকতা প্রতিরোধ ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত রাজপথে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও জামায়াত দীর্ঘ ২৩ বছর একসঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। ২০২২ সালে জোট ভেঙে গেলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দল দুটি একই আন্দোলনে অংশ নেয়। ওই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে যায় রাজনৈতিক সমীকরণ। একসময় রাজপথের আন্দোলনে পাশাপাশি থাকা বিএনপি ও জামায়াত ক্রমেই প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দলের অবস্থান আরও মুখোমুখি হয়।
নির্বাচনের পর সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ নতুন মাত্রা পায়। বিএনপি রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিলেও জামায়াত, এনসিপিসহ বিরোধী দলগুলো ১২ ফেব্রুয়ারির গণভোটের ফল অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবি জানাচ্ছে। এই মতপার্থক্যই এখন রাজনৈতিক ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় হামলা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে গোপালগঞ্জে তাণ্ডব, থানায় আগুন, হাসপাতালে হামলা এবং বিএনপির স্থানীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিন নেতাকর্মীসহ এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকে ঐক্যের বার্তা
গত বুধবার সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের আদলে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
দুই নেতার বক্তব্যের আগে সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ও শফিকুর রহমানের বৈঠক হয়। বৈঠক আয়োজনের উদ্যোগে যুক্ত একাধিক নেতা সমকালকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় ১৫ মিনিটের ওই আলোচনায় রাজনৈতিক ঐক্য, সর্বদলীয় সংলাপ ও কর্মসূচি নিয়ে কথা হয়।
বিএনপির সংসদ সূত্র এবং জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দিয়েছেন শফিকুর রহমান। তবে ঐক্য হলেও এক মঞ্চ থেকে যৌথ কর্মসূচি পালনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গণমিছিলের প্রস্তাব আলোচনায় এলেও তা থেকে সরে এসেছে দুই পক্ষ। তাদের ধারণা, যৌথ মিছিল বা এক মঞ্চের কর্মসূচিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে কেন্দ্র করে রাজনৈতিক গুরুত্ব আরও বাড়তে পারে।
বিএনপির হুইপ আশরাফ উদ্দিন নিজান সমকালকে বলেন, চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে কিছুটা ভাটা পড়েছে। প্রধানমন্ত্রী দলমতের ঊর্ধ্বে উঠে সেই ঐক্য দৃঢ় করার কথা বলেছেন। প্রথম সরকারপ্রধান হিসেবে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। বিরোধীদলীয় নেতাও ঐক্যের কথা বলেছেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ফ্যাসিবাদীদের নাশকতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রশ্নে কোনো দ্বিমত নেই। তবে ঐক্য সুদৃঢ় করতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার এবং ফ্যাসিবাদীদের বিচার হলে পলাতক ব্যক্তিরা বর্তমানের মতো নাশকতা চালানোর সাহস পেত না বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির শফিকুর রহমান আজ শুক্রবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। জোট সূত্র জানিয়েছে, ২৭ অথবা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর আহ্বানে সর্বদলীয় বৈঠক কিংবা রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে পারে।
ঐক্যের স্থায়ী ভিত্তি নিয়ে বিরোধীদের শর্ত
গতকাল বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সরকারের প্রতি বার্তা দেওয়া হয়, জামায়াত জোটের শরিকরা নাশকতা প্রতিরোধে রাজপথে কর্মসূচি পালন করবে। তবে রাজনৈতিক ঐক্যকে স্থায়ী করতে হলে গণভোটের ফল মেনে নেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বৈঠক শেষে বলেন, জামায়াত আমির ঐক্যের আহ্বানে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন। জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্য বাংলাদেশের রক্ষাকবচ। সরকারও ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এ ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। জনগণের মতামতের বাইরে ১১ দল কোনো পদক্ষেপ নেবে না।
এদিকে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে ফ্যাসিবাদবিরোধী যেকোনো ঐক্যে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ঐক্য সুদৃঢ় করতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
রাজপথে ৪১ দিনের কর্মসূচি, আলাদা অবস্থানে জামায়াত-এনসিপি
আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি ঘোষণা না করলেও নাশকতা প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াত, এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিস পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামছে।
জামায়াত ৪১ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। ২৫ নভেম্বর অন্যান্য মহানগরে, ২৬ নভেম্বর সব জেলায় এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানায় সমাবেশ করার কথা রয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
অন্যদিকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। ৬৪ জেলা ও ১৩ মহানগরে পর্যায়ক্রমে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করবে দলটি।
বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ২৪ নভেম্বর ঢাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
রাজনৈতিক অঙ্গনে ঐক্যের বার্তা নতুন সম্ভাবনার দুয়ার খুললেও গণভোট, জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে মতপার্থক্য এখনো কাটেনি। ফলে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনা একদিকে এগোচ্ছে, অন্যদিকে পৃথক কর্মসূচিতে রাজপথে সক্রিয় হচ্ছে বিরোধী দলগুলো। সংলাপের সম্ভাবনা ও কর্মসূচির রাজনৈতিক চাপ—দুইয়ের মধ্যেই আগামী দিনগুলোতে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।
