শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি তামাকের চালান জব্দ, আটক ১০ কনটেইনার

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

বন্ড সুবিধার অপব্যবহার করে পাকিস্তান থেকে আনা কাঁচা তামাকের একটি বড় চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া এই ১০টি কনটেইনারে রয়েছে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক। এই পরিমাণ কাঁচামাল দিয়ে আনুমানিক ২১ দশমিক ৪৩ কোটি শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন করা সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ‍্য চালানটি এনেছে গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড। তাদের আমদানিকৃত এই চালানে নানা অনিয়ম ও অসঙ্গতি পেয়েছে অধিদপ্তর।

একই এইচএস কোডের পণ্য সাধারণত প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলারে অ্যাসেসমেন্ট করা হলেও, আলোচ্য চালানে প্রতি কেজির ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। পূর্ববর্তী বাজারমূল্য বিবেচনায় এই চালানে সম্ভাব্য আমদানি পর্যায়ে রাজস্ব প্রায় ২১ কোটি ১২ লাখ টাকার মতো হতে পারে।

কাস্টমস গোয়েন্দার মতে, বন্ড সুবিধার অপব্যবহার করে আনা এসব তামাকের প্রকৃত ব্যবহার এবং তা দিয়ে উৎপাদিত পণ্যের হিসাব যদি যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা না হয়, তবে বড় ধরনের শুল্ক-কর ফাঁকির ঝুঁকি তৈরি হয়। এই চালানের পেছনের প্রকৃত উদ্দেশ্য ও অন্যান্য অসঙ্গতি খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।