বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, রাউজানে চাঞ্চল্য

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দুই মোটরসাইকেলে ছয়জনের হামলা, সঙ্গে ছিল তিনটি আগ্নেয়াস্ত্র • টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে পরিবার। টাকা ছিনতাইয়ের পর কান্নায় ভেঙে পড়েন সামশুন নাহার। ফাইল ছবি

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এক নারীর ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্রপাড়া এলাকায় ডিসি সড়কে এ ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারীর নাম সামশুন নাহার (৫০)। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির বাসিন্দা।

অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে ছিনতাই

সামশুন নাহার আরও জানান, তাঁর কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। এর মধ্যে ২৫ লাখ টাকা একটি ব্যাগে এবং বাকি দুই লাখ টাকা জমির কাগজপত্র রাখা অন্য একটি ব্যাগে ছিল। ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেলেও জমির কাগজপত্রের ব্যাগে থাকা দুই লাখ টাকা তাঁদের কাছে রয়ে গেছে। এ ঘটনায় তিনি রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

৩২ লাখ টাকায় জমি কেনার চুক্তি, বাকি টাকা নিয়ে যাচ্ছিলেন মা

সামশুন নাহারের ছেলে প্রবাসী মো. আরিফ জানান, রাউজান পৌরসভার চারাবটতল এলাকায় চার গণ্ডা জমি কেনার জন্য মালিকের সঙ্গে ৩২ লাখ টাকায় চুক্তি হয়েছিল। এর মধ্যে পাঁচ লাখ টাকা বায়না দেওয়া হয়। বাকি ২৭ লাখ টাকা নিয়ে মঙ্গলবার তাঁর মা ও দলিল লেখক সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন।

আরিফ বলেন, তিনি এর আগেই মোটরসাইকেলে করে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন। পরে মায়ের টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যান।

তিনি বলেন, টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে প্রশাসনের সহযোগিতা চাই।

ঘটনার পাঁচ মিনিট পর পৌঁছে ক্ষোভ স্থানীয় বাসিন্দার

ঘটনার প্রায় পাঁচ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন। তিনি বলেন, আমি আসার পাঁচ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। এভাবে দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়?

ভুক্তভোগী নারীর ছিনতাই হওয়া টাকা উদ্ধারে তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ, চলছে মামলার প্রক্রিয়া

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

প্রকাশ্য সড়কে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ টাকা ছিনতাইয়ের এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।