শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা জানাল সম্পাদক পরিষদ

সমতল মাতৃভূমি ডেস্ক
জুন ২৫, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক কর্মসূচি শেষে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।

বৃহস্পতিবার (২৫ জুন) সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২৩ জুন) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচি শেষে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক হামলা ও হেনস্তার শিকার হন। ঘটনাটি গণমাধ্যম অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

সম্পাদক পরিষদ তাদের বিবৃতিতে বলেছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে তদন্তের আশ্বাস দেওয়া হলেও, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। একটি গণতান্ত্রিক সমাজে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব।

সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

একই সঙ্গে তারা সাংবাদিকদের জন্য নিরাপদ, স্বাধীন ও নির্ভয় কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মনে করছে সম্পাদক পরিষদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।