ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা হয়। ছবি: সংগৃহীত
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হলে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টার দিকে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। কথোপকথনের একপর্যায়ে সাহেদের পেছন দিক থেকে কয়েকজন যুবক হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা আমাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে। আমাদের ৩ থেকে ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চাই।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।
