শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিনের চাল কেটে মধ্যরাতের স্বর্ণ ডাকাতি! পটুয়াখালীতে মূলহোতাসহ গ্রেপ্তার ২, উদ্ধার বিপুল স্বর্ণ-রুপা

পটুয়াখালী প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া এলাকায় গভীর রাতে টিনের চাল কেটে সংঘটিত দুর্ধর্ষ স্বর্ণ চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় মূলহোতা মোঃ সোহেল হাওলাদার ও চোরাই মাল ক্রয়কারী মোঃ আজাহার আলীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ ভরি ৪ আনা স্বর্ণ এবং ৮২ ভরি রুপার অলংকার।

শনিবার (৯ মে) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ মার্চ ২০২৬ দিবাগত রাতে কেওয়াবুনিয়া এলাকার ‘লোকনাথ জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে সংঘটিত হয় দুঃসাহসিক এই চুরি। সংঘবদ্ধ চোরচক্র দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণালংকার, ১৫০ ভরি রুপার অলংকার এবং ক্যাশ বক্সে থাকা নগদ ২৮ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে দোকান মালিক সঞ্জয় কর্মকার গত ৩০ এপ্রিল পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ (বিপিএম সেবা)-এর দিকনির্দেশনায় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক চৌকস টিম মাঠে নামে। সিসিটিভি ফুটেজ, গোপন তথ্য ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে গত ১ মে পটুয়াখালী এলাকা থেকে মূল আসামি মোঃ সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কাফরুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাই মাল ক্রয়কারী মোঃ আজাহার আলীকেও আটক করে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় স্বর্ণের আংটি, কানের রিং, নাকফুল, গলানো স্বর্ণসহ মোট ২ ভরি ৪ আনা স্বর্ণ এবং ৮২ ভরি রুপার অলংকার। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত একটি বাংলা দা ও একটি হাত করাত জব্দ করা হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, “সংবাদ পাওয়ার পর থেকেই পুলিশের একাধিক টিম নিরলসভাবে কাজ করেছে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে দ্রুত আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। প্রধান আসামি আদালতে চুরির দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, এই চুরির ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা সহযোগী জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।