আজ বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
জাতীয় সংসদে আরও কার্যকর, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবনির্বাচিত নারী এমপিদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সভায় প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের আরও দক্ষ ও যোগ্য করে তুলতে হলে তথ্যসমৃদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। সংসদে বক্তব্য দেওয়ার সময় নারী এমপিদের সতর্ক, দায়িত্বশীল ও জনমুখী হওয়ারও নির্দেশ দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, গত ১৭ বছর মানুষ এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণ এখন সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছে।
বৈঠকে জাতীয় সংসদের কার্যক্রম, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং সংসদ সদস্যদের করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় নারী সংসদ সদস্যরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় বিএনপির সংরক্ষিত আসনের ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন বক্তব্য রাখেন।
বৈঠক শেষে নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগেই সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নারী এমপিদের নিজ নিজ এলাকায় জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি নারী সদস্যদের জন্য সংরক্ষিত, যার মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।
