বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতার স্ত্রীর লাশ উদ্ধার: স্বামী পলাতক, পরিবারের অভিযোগ ‘পরিকল্পিত হত্যা’

সাভার প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

সাভারের একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার হলো তরুণী রিয়া মনির (১৯) রহস্যজনক লাশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, স্বামী ও ছাত্রদল নেতা রনি ইসলাম স্ত্রীকে হত্যা করে কক্ষের বাইরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।

সোমবার রাতে সাভার পৌর এলাকার ছায়াবিথি মহল্লার একটি তিনতলা ভবনের কক্ষ থেকে রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে রিয়ার স্বামী রনি ইসলামকে, যিনি নবগঠিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

নিহত রিয়া মনি নোয়াখালীর মাইজদী এলাকার রৌফ চৌধুরীর মেয়ে। তার বাবা-মা দুজনই প্রবাসে অবস্থান করছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কয়েক মাস আগে সাভারের ছায়াবিথি মহল্লায় ডা. তৌহিদুজ্জামানের তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ও রিয়া। তবে কিছুদিন ধরেই তাদের সংসারে দাম্পত্য কলহ চলছিল।

নিহতের মামা সাদ্দাম হোসেনের দাবি, গত ৫ জুন পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন বাড়িয়ে দেন রনি।

তার ভাষ্য, “পারিবারিক বিরোধের জের ধরে রিয়াকে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ কক্ষে রেখে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় রনি। এমনকি রিয়াকে হত্যার বিষয়টি মোবাইল ফোনে নিজের মাকেও জানিয়েছিল সে। পরে রনির মা থানায় ফোন করে পুলিশকে জানান, রিয়া আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। এরপর থেকেই রনির মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। তিনি বলেন, “পুলিশ বিষয়টি তদন্ত করছে। দলীয়ভাবেও আমরা খোঁজখবর রাখছি। যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিবাহিত হয়েও রনি কীভাবে ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিবাহিত ব্যক্তিরাও কমিটিতে দায়িত্ব পালন করতে পারেন।

এদিকে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রনি ইসলামকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে এখন ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে দুই পরিবারসহ স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।