শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেলের দামে নতুন রেকর্ড

সমতল মাতৃভূমি ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাস তানুরায় আরামকোর তেল শোধনাগার। ছবি: ব্লুমবার্গ

ইরানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর আশঙ্কা বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্টের দাম শুক্রবার গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৬ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। গত ২৯ এপ্রিলের পর এটি ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী দর।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ২৭ ডলারে স্থির হয়েছে।

সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়ল জ্বালানি তেলটির দাম। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ শতাংশ।

এদিকে ইরানের সেনাপ্রধান বলেছেন, সামরিক সক্ষমতা আরও জোরদার করার পর দেশটির সামরিক বাহিনী ‘অসম যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না। এ বিষয়ে ‘খুব শিগগিরই’ কিছু একটা ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এ রহস্যজনক মন্তব্যের পর দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকর্তারা মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছেন।

এদিকে ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে। এসব হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরব থেকে জরুরি নয় এমন কর্মীদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এ পরিস্থিতিতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো তাদের কর্মীদের ধাহরানের প্রধান কার্যালয় ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার এবং বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: সিএনবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।