দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা।
লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনী তাঁর কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করেন। এ ছাড়া তাঁকে তিনটি খাসি উপহার দেন। এ-সংক্রান্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।
অভিযুক্ত রমিজ উদ্দিন লন্ডনীর মোবাইলে একাধিকবার কল করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভিডিওটিও আমাদের নজরে এসেছে। তবে এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মুক্তিযোদ্ধা আলী হোসেনকে (৭২) লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনীকে ১১ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম।
