সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা: ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সরকার।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব করা হয় বলে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে এবং বাংলাদেশের উদ্বেগ ও অসন্তোষ আনুষ্ঠানিকভাবে জানাতে তাকে ডাকা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত এবং এটি বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির প্রতি প্রয়োজনীয় কূটনৈতিক শিষ্টাচারের প্রশ্নও সামনে নিয়ে এসেছে।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন এবং ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চান।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

তবে পূর্ব নির্ধারিত কর্মসূচি ও আনুষ্ঠানিক অবহিতকরণ থাকা সত্ত্বেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরেই আটকে দেয় এবং দেশে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

সূত্র আরও জানিয়েছে, পরে উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, বাংলাদেশের হাইকমিশন গত শুক্রবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাহেদ উর রহমানের সফর এবং আইওআরএ বৈঠকে তার অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। ফলে বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার ঘটনাটি কূটনৈতিক মহলে বিস্ময় ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন

বাংলাদেশের একজন উচ্চপর্যায়ের সরকারি উপদেষ্টাকে পূর্ব অবহিতকরণ সত্ত্বেও কেন দিল্লির ইমিগ্রেশনে বাধার মুখে পড়তে হলো? এটি কি কেবল প্রশাসনিক সমন্বয়হীনতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কূটনৈতিক বার্তা?

এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি সম্পর্কের সাম্প্রতিক গতিপ্রকৃতি, পারস্পরিক আস্থা ও কূটনৈতিক যোগাযোগ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন নজর দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ এবং ভারতের আনুষ্ঠানিক ব্যাখ্যার দিকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।