ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী সুপারিশে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। সোমবার (২২ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বিচারপতি মো. রেজাউল হক-কে সভাপতি করে এ বাছাই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি রাজিক আল জলিল;
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি);
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান; এবং
মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন-২০২৪-এর ধারা ৭-এর উপধারা (৪) অনুযায়ী বাছাই কমিটি দুদকের কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন যোগ্য ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবে।
এছাড়া, বাছাই কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, গত ৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগপত্র জমা দেন। তাদের পদত্যাগের পর কমিশনের শূন্য পদগুলোতে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সরকারের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দুদকের নতুন নেতৃত্ব নির্ধারণে পাঁচ সদস্যের এই বাছাই কমিটি গঠন দেশের দুর্নীতি দমন ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
