বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে নদীর ধারে বসে থাকা যুবকের ওপর বজ্রপাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুতে নারায়ণপুরে শোকের ছায়া

হারুন অর রশীদ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে নদীর ধারে বসে থাকা অবস্থায় বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরোজ আলী নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই দৌলতপুরের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। এ সময় আরোজ আলী বাড়ির পাশের নদীর ধারে বসে ছিলেন।

দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে আরোজ আলী গুরুতর আহত হন। বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরোজ আলীকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নারায়ণপুর গ্রামসহ আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আকস্মিক এ মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

স্থানীয়রা জানান, বর্ষাকাল ও শরৎ মৌসুমে আকাশে মেঘ জমলে নদী, মাঠ কিংবা খোলা জায়গায় অবস্থান করা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বজ্রপাতের সময় নদীর তীর, খোলা মাঠ ও গাছের নিচে অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আবহাওয়া খারাপের লক্ষণ দেখা দিলে সতর্কতা অবলম্বন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।