বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পিতা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

টর্চলাইট দিয়ে মাথায় আঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু। ছবি: সমতল মাতৃভূমি

কুষ্টিয়ার দৌলতপুরে বানেজ মন্ডল নামে এক চৌকিদারকে হত্যার অভিযোগে তাঁর আপন ছেলে মো. রাজীব (২২)কে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে বানেজ মন্ডলের বসতবাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, পারিবারিক বিরোধের একপর্যায়ে বানেজ মন্ডলের ছেলে রাজীব বিদেশি টর্চলাইট দিয়ে তাঁর মাথার বাম পাশে আঘাত করেন। এতে বানেজ গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় আহত বানেজ মন্ডলকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মহিষকুন্ডি বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় পেনাল কোডের ৩০২ ধারায় হত্যা মামলা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকারের দাবি

আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। তবে তাঁর দেওয়া তথ্য তদন্তে যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের ভাষ্য, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে জেলহাজতে রাখার আবেদন জানানো হয়েছে।

এদিকে সিডিএমএস পর্যালোচনায় এই মামলা ছাড়া রাজীবের বিরুদ্ধে অন্য কোনো মামলা পাওয়া যায়নি বলেও পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।