প্রতীকী ছবি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুজন ইসলাম (৩২) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুজন ইসলাম বাহিরমাদী গ্রামের মহরম জোয়াদ্দারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি একরামুল হক গ্রুপ ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি, পরে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি রাতের দিকে আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, বাহিরমাদী চৌরাস্তায় অবস্থানকালে সুজন ইসলামের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
