বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ভূমি সেবা মেলা ২০২৬ ডিজিটাল সেবায় বদলে যাচ্ছে ভূমি ব্যবস্থাপনা, সেবাপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়

মোঃ. হারুন অর রশীদ
মে ১৯, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “ভূমি সেবা মেলা ২০২৬”। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত এ মেলায় ডিজিটাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন সারাদেশের ন্যায় ভার্চুয়ালি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর থেকেই মেলায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিভিন্ন সেবামূলক স্টলে ভূমি সংক্রান্ত তথ্য ও তাৎক্ষণিক সেবা নিতে ভিড় করেন সেবাপ্রত্যাশীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরের ভূমি কমিশনার প্রদীপ কুমার দাশ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানা ধরনের ডিজিটাল সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন হবে এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধানও পাবে।

মেলায় আগত অনেকেই জানান, আগে ভূমি সংক্রান্ত কাজে দালাল ও ভোগান্তির শিকার হতে হলেও এখন সরাসরি নিজেরাই সেবা নিতে পারছেন। আয়োজকরা বলছেন, এই মেলার অন্যতম লক্ষ্য হচ্ছে—মধ্যস্বত্বভোগী ছাড়াই ভূমির প্রকৃত মালিক যেন সহজে ও দ্রুত সেবা গ্রহণ করতে পারেন।

প্রথম দিন থেকেই মেলায় উৎসবমুখর পরিবেশ ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দৌলতপুরবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।